বরুড়ায় বুড়া কালীমাতা মন্দিরে টিউবওয়েল স্থাপন
শান্ত পাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত:
২২ আগস্ট ২০২৬, ০৭:৩৩
12 জন পড়েছেন
বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের অর্থায়নে এবং বাংলাদেশ সনাতন মহাসংঘ—বরুড়া উপজেলা শাখার উদ্যোগে কুমিল্লার বরুড়া উপজেলার দেওড়া দিঘীরপাড় সার্বজনীন শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দিরে ভক্তদের বিশুদ্ধ পানীয় জলের সুবিধার্থে একটি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
মন্দিরে আগত ভক্তদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ গ্রহণ করা হয়। টিউবওয়েল স্থাপনের ফলে মন্দিরে আগত ভক্ত, সেবায়েত ও স্থানীয়দের জন্য বিশুদ্ধ পানীয় জলের সুবিধা নিশ্চিত হবে।
এ বিষয়ে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রীমান ক্লিনটন সরকার (বিপ্লব) বলেন, “বিগত কয়েক মাস ধরে আমরা লক্ষ্য করছি, দেওড়া দিঘীরপাড় শ্রী শ্রী বুড়া কালীমাতা মন্দিরে আগত ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জলের যথেষ্ট সমস্যা রয়েছে। বিষয়টি আমাদের নজরে আসার পর সংগঠনের সকল সহযোদ্ধা ও দায়িত্বশীলদের সঙ্গে পরামর্শ করি। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, ভক্তদের সুবিধার্থে মন্দির প্রাঙ্গণে একটি টিউবওয়েল স্থাপন করা হবে।”
তিনি আরও বলেন, “আজ সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ভক্তদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে পারা আমাদের কাছে নিছক একটি কার্যক্রম নয়; এটি আমাদের সেবার মানসিকতা ও সামাজিক দায়বদ্ধতার একটি অংশ। বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করে যাবে—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি বলেন, “সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানুষের কল্যাণ ও সনাতনী সমাজের বিভিন্ন প্রয়োজনকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।