দুর্বৃত্তের কুড়ালের আঘাতে গাইবান্ধায় আইনজীবীর সহকারী অমিতাভ কুমার রায় সুজন নিহত!
দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪
1,243 জন পড়েছেন
গাইবান্ধা সদর উপজেলায় সন্ত্রাসীদের কুড়ালের আঘাতে অমিতাভ কুমার রায় সুজন (৩৮) নামে এক ব্যক্তি নির্মমভাবে নিহত হয়েছেন।
তিনি পেশায় গাইবান্ধা জেলা জজ কোর্ট-এর একজন আইনজীবীর সহকারী (মহুরি) হিসেবে কর্মরত ছিলেন। নিহত অমিতাভ কুমার রায় সুজন সদর উপজেলার বল্লমঝাঁড় ইউনিয়নের খামার বল্লমঝাঁড় গ্রামের বাসিন্দা এবং মৃত নিরঞ্জন রায়ের ছেলে।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সুজন নিজ বাসা থেকে বাজারে যাওয়ার পথে দুইজন অপরিচিত ব্যক্তি গুরুত্বপূর্ণ কথা বলার কথা বলে তাকে বাড়ি থেকে কিছু দূরে একটি ইটভাটার পাশে নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্রই তারা অতর্কিতভাবে কুড়াল দিয়ে তার মাথায় আঘাত করে এবং দ্রুত পালিয়ে যায়।
জানা গেছে, সন্ধ্যায় বাড়ির পাশেই হঠাৎ দুর্বৃত্তরা সুজনের ওপর হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়।
নিহতের ভাই সুধান কুমার রায় অভিযোগ করে জানান, পার্শ্ববর্তী নিতাই চন্দ্র রায়ের সঙ্গে তার ভাইয়ের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ধারালো অস্ত্রের আঘাতে সুজনের মৃত্যু হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
এই নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সদস্যরা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।