গত ০৬ জুলাই ২০২৬ তারিখে সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশ ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করেছে।
উল্লেখ্য, সনাতন বিদ্যার্থী সংসদ ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রথযাত্রা আয়োজনের মাধ্যমে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠার পর থেকে ২০২১ সাল পর্যন্ত সংগঠনটি সনাতনী শিক্ষার্থীদের শিক্ষা, সাংগঠনিক উন্নয়ন, ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে। তবে করোনা মহামারি এবং পরবর্তী বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে সংগঠনের নিয়মিত কার্যক্রম ব্যাহত হয়।
এই সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা একটি সক্রিয় ছাত্রসংগঠনের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করতে থাকেন। সেই প্রত্যাশার ধারাবাহিকতায় দীর্ঘ সংগ্রাম ও প্রচেষ্টার পর অবশেষে নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি পুনরায় সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।
নবগঠিত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফার্মেসী বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের দিলীপ দাস এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের আবির দত্ত। কমিটি ঘোষণার পর সংগঠনের প্রতিষ্ঠাতা, সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী নবনিযুক্ত সভাপতি, সাধারণ সম্পাদকসহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং সনাতনী শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নবগঠিত কমিটির সভাপতি দিলীপ দাস বলেন,
"সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবে আমি বিশ্বাস করি, শিক্ষা, নৈতিকতা, ঐক্য ও মানবিক মূল্যবোধই একটি সুন্দর সমাজ গঠনের মূল ভিত্তি। আমাদের সংগঠন সনাতন শিক্ষার্থীদের মধ্যে সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়বদ্ধতা এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব বিকাশে নিরলসভাবে কাজ করে যাবে।
সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে আমরা একটি সম্প্রীতিপূর্ণ, সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষাঙ্গন গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"
এবং সাধারণ সম্পাদক আবির দত্ত বলেন, "সনাতন বিদ্যার্থী সংসদ শুধু একটি সংগঠন নয়, এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের ঐক্য, নেতৃত্ব ও ইতিবাচক উদ্যোগের একটি প্ল্যাটফর্ম। সকলকে সঙ্গে নিয়ে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ এবং শিক্ষার্থীদের কল্যাণে দায়িত্বশীল ও গঠনমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সংগঠনকে আরও গতিশীল করে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।"
এদিকে নতুন কমিটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে আগামী ১৬ জুলাই ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রথযাত্রা উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
এদিকে নতুন কমিটির প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে আগামী ১৬ জুলাই ২০২৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রথযাত্রা উদযাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।