গোপীনাথপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন: সভাপতি শিমুল দত্ত, সম্পাদক সুভাষ সরকার
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১০ জুলাই ২০২৬, ১৩:৫৬
24 জন পড়েছেন
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী গোপীনাথপুর সর্বজনীন দুর্গা মন্দিরের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে শিমুল দত্ত সভাপতি এবং সুভাষ সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল ৪টায় মন্দির প্রাঙ্গণে এক বিশাল সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় গোপীনাথপুর গ্রামের সনাতনী সম্প্রদায়ের বিপুল সংখ্যক নারী-পুরুষ, যুবসমাজ, প্রবীণ ব্যক্তি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা বলেন, একটি মন্দির কেবল ধর্মীয় উপাসনার স্থান নয়, এটি সনাতন সমাজের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম কেন্দ্র। তাই মন্দিরের সার্বিক উন্নয়ন, সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং ধর্মীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে গোপীনাথপুর সর্বজনীন দুর্গা মন্দিরের উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে বলে তারা আশাবাদী। ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার পাশাপাশি মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সনাতনী ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নবনির্বাচিত সভাপতি শিমুল দত্ত এবং সাধারণ সম্পাদক সুভাষ সরকার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে পালন করবেন। মন্দিরের উন্নয়ন ও সকল ধর্মীয় কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তারা।
এদিকে, নতুন কমিটি গঠনের খবরে গোপীনাথপুরের সনাতনী সমাজের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। গোপীনাথপুর সনাতনী গ্রামবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি শিমুল দত্ত, সাধারণ সম্পাদক সুভাষ সরকারসহ নবগঠিত পরিচালনা পরিষদের সকল সদস্যকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাদের সফল নেতৃত্বে গোপীনাথপুর সর্বজনীন দুর্গা মন্দির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সমৃদ্ধ হয়ে উঠবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন এলাকাবাসী।