ঢাকা উত্তরা থেকে পলাশবাড়ী রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবু গ্রেপ্তার, সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড়
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৩ জুলাই ২০২৬, ০০:২৫
26 জন পড়েছেন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রতিষ্ঠাতা হরিদাস বাবুকে ঢাকা উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন মহল থেকে ঘটনার সুষ্ঠু ব্যাখ্যা ও আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার দাবি উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে টিম্পল পাল নামে একজন দাবি করেন, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাইবান্ধা জেলা ডিবি পুলিশের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস বাবুকে মন্দির থেকে বাইরে ডেকে এনে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন এবং মন্দিরের চাবি সঙ্গে নিতে বলেন। এরপর তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাওয়া হয় বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।
পোস্টে আরও দাবি করা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান যে, ঢাকা উত্তরা এলাকায় ২০১৮ সালের একটি পুরোনো মামলায় জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে হরিদাস বাবুকে আটক করা হয়েছে। একই সময়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্দিরে উপস্থিত ছিলেন বলেও দাবি করা হয়েছে।
হরিদাস বাবুর গ্রেপ্তারের ঘটনায় টিম্পল পাল তাঁর পোস্টে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সম্প্রতি বিভিন্ন ধর্মীয় ও সংখ্যালঘু ইস্যুতে সরব ব্যক্তিদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তাঁদের আশঙ্কা। তিনি দাবি করেন, চিন্ময় কৃষ্ণ মহারাজের পর এবার হরিদাস বাবুকেও গ্রেপ্তার করা হয়েছে এবং এর মাধ্যমে ভিন্নমত বা প্রতিবাদী কণ্ঠকে দমন করার চেষ্টা করা হচ্ছে। তিনি দেশ-বিদেশের মানবাধিকার সংস্থা এবং বিবেকবান মানুষের প্রতি ঘটনাটি নজরে এনে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।
উল্লেখ্য, হরিদাস বাবু গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মীয়মাণ ৮১ ফুট উচ্চতার রাম বিগ্রহ এবং শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে আলোচনায় আসেন। এ প্রকল্পকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা, বিতর্ক ও প্রশাসনিক তৎপরতার ঘটনাও এর আগে আলোচিত হয়েছিল।