পরলোকগমন করলেন চন্দ্রঘোনার সুবীর দাশ, শোকাহত সনাতন সমাজ
সৌরভ সাহা
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত:
২২ জুলাই ২০২৬, ১৩:৪২
35 জন পড়েছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা দোভাষীবাজারের সুপরিচিত দাশ পরিবারের সন্তান সুবীর দাশ পরলোকগমন করেছেন। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ব্রেইন টিউমারের সঙ্গে লড়াই করে বুধবার চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুবির দাশ বিশিষ্ট চিকিৎসক ডা. আবীর দাশ ও ডা. নিবিড় দাশের স্নেহের ছোট ভাই। তিনি চন্দ্রঘোনা দোভাষীবাজারের সুপরিচিত ব্যবসায়ী, আপন জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং রাঙ্গুনিয়া ক্লথ স্টোরের মালিক রতন দাশের তৃতীয় পুত্র ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি ব্রেইন টিউমারে আক্রান্ত ছিলেন। উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন পর্যায়ে চিকিৎসা নেওয়ার পর সর্বশেষ চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও বুধবার তিনি পরলোকগমন করেন।
তাঁর অকাল প্রয়াণে দাশ পরিবারে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে চন্দ্রঘোনা দোভাষীবাজার, রাঙ্গুনিয়া এবং আশপাশের সনাতন সম্প্রদায়ের মানুষের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়-স্বজন, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা শোকসন্তপ্ত পরিবারের বাড়িতে ছুটে যান এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
স্থানীয়দের মতে, সুবীর দাশ ছিলেন শান্ত, ভদ্র, সদালাপী ও অমায়িক স্বভাবের একজন মানুষ। তাঁর অকাল পরলোকগমনে পরিবার ও স্বজনদের পাশাপাশি সমাজও একজন প্রিয় মানুষকে হারাল।
তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে সনাতন সমাজের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে পরমেশ্বরের কাছে তাঁদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি কামনা করা হয়েছে।
ওঁ শান্তি।