রাঙ্গুনিয়ায় পথ হারানো বৃদ্ধা উদ্ধার, স্বজনদের খোঁজে মানবিক আবেদন
সৌরভ সাহা
রাঙ্গুনিয়া প্রতিনিধি
প্রকাশিত:
২৫ জুলাই ২০২৬, ১৩:৩৩
30 জন পড়েছেন
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পথ হারিয়ে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক বৃদ্ধা মহিলাকে উদ্ধার করেছেন জাগো হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলা সারথিরা। উদ্ধার করার পর তাঁকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক পরিচর্যার ব্যবস্থা করা হয় এবং তাঁর পরিচয় শনাক্ত করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্ধারের পর বিষয়টি সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় টিমকে অবহিত করা হয়। এরপর বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও স্বেচ্ছাসেবী নেটওয়ার্কের মাধ্যমে বৃদ্ধার স্বজনদের সন্ধান পেতে তথ্য প্রচার শুরু করেন সংশ্লিষ্টরা।
উদ্ধারকৃত বৃদ্ধা নিজের নাম অঞ্জনা সূর্য বলে পরিচয় দিয়েছেন। তাঁর ভাষ্যমতে, তাঁর পিতার নাম জগা সূর্য এবং মাতার নাম সোহাগা মনি। তিনি আরও জানান, তাঁদের বাড়ি বিষ্ণুপুর, ভানিয়ার চর এলাকায়। তবে শারীরিক ও মানসিক অবস্থার কারণে তাঁর দেওয়া তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে।
উদ্ধারকারী স্বেচ্ছাসেবীরা জানান, বৃদ্ধার পরিবারের সদস্যদের দ্রুত খুঁজে বের করে তাঁর স্বজনদের কাছে নিরাপদে ফিরিয়ে দেওয়াই তাঁদের প্রধান লক্ষ্য। এ লক্ষ্যে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
যদি কোনো ব্যক্তি অঞ্জনা সূর্য বা তাঁর পরিবারের পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য জানেন, তাহলে দ্রুত বাবুল সাহা-এর সঙ্গে ০১৮১৮-৯৪১১৭৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে সংবাদটি সর্বত্র ছড়িয়ে দিয়ে পথ হারানো এই বৃদ্ধাকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন উদ্ধারকারী স্বেচ্ছাসেবীরা।