হিন্দুস নিউজের সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার সংবাদ প্রকাশের পর ,বি এন পি নেতা মুমিনুল হক বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬
48 জন পড়েছেন
চট্টগ্রামের হাটহাজারীতে হিন্দুস নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে হুমকি দেওয়ার অভিযোগে মো. মুমিনুল হককে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে উত্তর মাদার্শা স্বেচ্ছাসেবক দল।
হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মো. আসিফ মিজানের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে মুমিনুল হককে সাংগঠনিক পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, চৌধুরীহাটের একটি নার্সিংহোমে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত সন্তান প্রসবের ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসায় অবহেলার অভিযোগ ওঠে। ভুক্তভোগী পরিবারের দাবি, চিকিৎসার সময় একাধিক ইনজেকশন দেওয়ার পর ওই নারীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং একপর্যায়ে তিনি মৃত সন্তান প্রসব করেন।
পরিবারের অভিযোগের বিষয়ে তথ্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য সংগ্রহ করতে হিন্দুস নিউজসহ কয়েকটি গণমাধ্যমের সাংবাদিক নার্সিংহোমে যান। অভিযোগ রয়েছে, এ সময় মুমিনুল হক সাংবাদিকদের নার্সিংহোম থেকে বের হয়ে যেতে বলেন এবং রাজনৈতিক পরিচয় ব্যবহার করে তাদের হুমকি দেন। সংবাদ প্রকাশ নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে সাংবাদিকেরা অভিযোগ করেছেন।
ঘটনার আগে চিকিৎসাসংক্রান্ত অভিযোগ নিয়ে নিউজনাও২৪-এ একটি সংবাদ প্রকাশিত হয়। পরে হিন্দুস নিউজসহ অন্য গণমাধ্যমের সাংবাদিকেরা বিস্তারিত তথ্য সংগ্রহ করতে গেলে বাধার অভিযোগ ওঠে। বিষয়টি দলীয় পর্যায়ে পৌঁছালে সংশ্লিষ্ট নেতারা তা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেন।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘটনাটি জানার পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এমপি দলীয় নেতাকর্মীদের অভিযোগটি যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তী সময়ে মুমিনুল হককে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়াকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের অনেকে। তাদের মতে, রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় ব্যবহার করে সংবাদ সংগ্রহে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়। সাংবাদিকদের স্বাধীন ও নিরাপদভাবে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করা জরুরি।
এদিকে, নার্সিংহোমে চিকিৎসায় অবহেলা, ইনজেকশন প্রয়োগের পর রোগীর অবস্থার অবনতি এবং মৃত সন্তান প্রসবের প্রকৃত কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযোগগুলোর সত্যতা নির্ধারণে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।
ঘটনার সময় নার্সিংহোমে উপস্থিত কয়েকজন সাংবাদিক পরবর্তী সময়ে কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা করে সংবাদ প্রকাশ না করেই ফিরে যান—এমন অভিযোগও সামনে এসেছে। তবে হিন্দুস নিউজ স্বাধীনভাবে এ অভিযোগের সত্যতা যাচাই করতে পারেনি।
চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে বহিষ্কৃত মুমিনুল হকের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্বসহ প্রকাশ করা হবে।