Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
প্রেমিকের সাথে দেখা করতে মানবপাচার চক্রের মাধ্যমে অবৈধভাবে ভারতে প্রবেশ করা নারায়ণগঞ্জের এক তরুণীকে আসামের গুয়াহাটি বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আটককালে তার কাছ থেকে ‘পূজা দাস’ নামের একটি জাল ভারতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়, যার প্রেক্ষিতে তাকে গোয়ালপাড়ার আটককেন্দ্রে পাঠানো হয়েছে।
ভারতের আসামের গুয়াহাটিতে অবস্থিত লোকপ্রিয় গোপীনাথ বরদলই আন্তর্জাতিক বিমানবন্দরে (এলজিবিআই) এক বাংলাদেশি তরুণীকে আটক করেছে দেশটির নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা। গত শুক্রবার ভারতের গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আটককৃত ওই তরুণী বেঙ্গালুরু থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে গুয়াহাটি এসে পৌঁছালে, লাগেজ সংগ্রহের সময় তার গতিবিধি দেখে দায়িত্বরত কর্মকর্তাদের সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকার করেন। প্রাথমিক তদন্ত ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, ওই তরুণী বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তিনি গুয়াহাটিতে অবস্থানরত তার প্রেমিকের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। তবে কোনো বৈধ নথিপত্র ছাড়া মানবপাচার চক্রের খপ্পরে পড়ে ত্রিপুরা সীমান্ত দিয়ে তিনি অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বলে ধারণা করছে পুলিশ।