Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
স্কুলের ইউনিফর্মের ওপর হিজাব পরার অনুমতি চেয়ে করা এক নাবালিকা ছাত্রীর আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট করেছে, শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলার স্বার্থে পোশাক বিধি মেনে চলা বাধ্যতামূলক এবং হিজাব পরা ধর্মের কোনো অপরিহার্য অংশ নয়।
শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলারক্ষা ও ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এক ঐতিহাসিক রায় দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, বিদ্যালয়ের নির্ধারিত ইউনিফর্ম বা পোশাক বিধির সঙ্গে হিজাব পরার অনুমতি দেওয়া সম্ভব নয়। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের আত্তারসুয়া এলাকায় অবস্থিত টেগর পাবলিক স্কুলের এক একাদশ শ্রেণির ছাত্রী স্কুলের নির্দিষ্ট পোশাকের ওপর হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল। ওই নাবালিকা ছাত্রীর যুক্তি ছিল, হিজাব তার ধর্মীয় অধিকারের অংশ। তবে, আদালত এই যুক্তি খারিজ করে বলেছে যে, শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত পোশাক বিধি মেনে চলা সকলের জন্যই বাধ্যতামূলক। যদি এই পোশাক বিধি সকলের জন্য অভিন্ন, বৈষম্যহীন এবং শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে প্রণীত হয়ে থাকে, তবে কোনো বিশেষ শিক্ষার্থীকে তাতে ছাড় দেওয়া যায় না।