Screenshots are strictly prohibited on this page.
This action has been logged with your IP address.
দিনাজপুরের কর্নাই গ্রামে ঢেপা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক বিষ্ণু ও তুলশি মন্দির জোড়া চমৎকার নির্মাণশৈলী সত্ত্বেও চরম অবহেলায় পড়ে রয়েছে। সনাতনী ঐতিহ্য ও মানবাধিকার রক্ষার স্বার্থে এই প্রাচীন ধর্মীয় উপাসনালয় দুটির দ্রুত সংস্কার ও সুরক্ষার দাবি উঠেছে।
সবুজ প্রকৃতি ও বহমান নদীর মেলবন্ধনে সনাতনী ঐতিহ্যের এক অপূর্ব নিদর্শন ধারণ করে আছে উত্তরের জেলা দিনাজপুর। দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উত্তর সীমানার দেয়াল ঘেঁষে সোজা প্রায় আড়াই কিলোমিটার পশ্চিমে এগিয়ে গেলেই চোখে পড়ে কর্নাই গ্রাম। এই গ্রাম লাগোয়া বুক চিরে বয়ে চলা ঢেপা নদীর তীরে শান্ত ও স্নিগ্ধ পরিবেশে দাঁড়িয়ে রয়েছে একজোড়া প্রাচীন ও ঐতিহাসিক মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের পরম পবিত্র এই দুই উপাসনালয়ের একটি বড় বিষ্ণু মন্দির এবং অন্যটি ছোট তুলশি মন্দির। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই মন্দির দুটির নির্মাণ শৈলী অত্যন্ত চমৎকার ও চোখ জুড়ানো, যা সহজেই যেকোনো দর্শনার্থীকে মুগ্ধ করে। বহমান নদীর তীরে সবুজে ঘেরা এমন নৈসর্গিক দৃশ্যের মাঝে মন্দির দুটির উপস্থিতি যেন আধ্যাত্মিকতা ও প্রকৃতির এক অনন্য মেলবন্ধন তৈরি করেছে।