দিনাজপুরের কাহারোলে রথযাত্রা মহোৎসব কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মা
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত:
২৪ মে ২০২৬, ১৪:০৭
84 জন পড়েছেন
দিনাজপুরের কাহারোল উপজেলা কেন্দ্রীয় হরি মন্দিরে রথযাত্রা মহোৎসব কমিটির এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে ২০২৬) সন্ধ্যা ৬ ঘটিকায় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় সুধীজন অংশগ্রহণ করেন।
রথযাত্রা মহোৎসব কমিটির সভাপতি শ্রী জয়ন্ত চন্দ্র দেবশর্ম্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক শ্রী পবিত্র রায়। সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কমিটির কোষাধ্যক্ষ শ্রী উপম বসাক এবং সহ-সভাপতি শ্রী স্বপন কুমার রায়।
সভায় আসন্ন পবিত্র রথযাত্রা মহোৎসব যথাযথ ধর্মীয় মর্যাদা, শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন, আয়-ব্যয়ের পরিকল্পনা, প্রচার-প্রচারণা এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা শেষে রথযাত্রা মহোৎসবের সকল আয়োজন সম্পূর্ণ করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও নবগঠিত ২১ সদস্য বিশিষ্ট রথযাত্রা মহোৎসব কমিটির কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে উপস্থিত সনাতনী ভক্তবৃন্দ ও সংশ্লিষ্ট সুধীজনের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় বক্তারা বলেন, রথযাত্রা মহোৎসব সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ধর্মীয় চেতনা, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের রথযাত্রা মহোৎসবকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো হয়।
সভা শেষে পবিত্র রথযাত্রা মহোৎসবের সার্বিক সফলতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
পরিশেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।