মঙ্গল শোভাযাত্রা ও ধর্মীয় আয়োজনে নোয়াখালীতে ইসকনের জন্মাষ্টমী উদযাপন
হৃদয় চন্দ্র শীল
সুবর্ণচর প্রতিনিধি
প্রকাশিত:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২
11 জন পড়েছেন
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে নোয়াখালীতে মহা সমারোহে ও আনন্দঘন পরিবেশে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নোয়াখালীর সদর উপজেলার দত্তবাড়ির মোড়স্থ শ্রী শ্রী রাধা গোকুলানন্দ গৌরহরি মন্দিরের উদ্যোগে এ মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। সকালে মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী ভক্ত, বিভিন্ন সনাতনী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় ভক্তদের কীর্তন, ধর্মীয় সংগীত ও হরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে শহরের রাজপথ। শোভাযাত্রাকে ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় শ্রীকৃষ্ণের বাল্যলীলার বিভিন্ন দৃশ্য, রাধা-কৃষ্ণের যুগল রূপ এবং সনাতন ধর্মের বিভিন্ন আধ্যাত্মিক ও ধর্মীয় ভাবধারা তুলে ধরে সুসজ্জিত দৃশ্যচিত্র প্রদর্শন করা হয়। আকর্ষণীয় সাজসজ্জায় ফুটিয়ে তোলা এসব দৃশ্যচিত্র পথচারী ও স্থানীয়দের দৃষ্টি আকর্ষণ করে।
শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু ধর্মীয় জীবনের জন্য নয়; বরং ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে ন্যায়, সত্য, মানবিকতা, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাঁর প্রদর্শিত কর্ম, কর্তব্য ও ধর্মের আদর্শ অনুসরণ করে সুন্দর ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, হরিনাম সংকীর্তন, ভক্তিমূলক সংগীত, ধর্মীয় আলোচনা, বিশেষ প্রার্থনা ও পূজা-অর্চনা। এছাড়া ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
পবিত্র জন্মাষ্টমীকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর ও আধ্যাত্মিক পরিবেশ। ভক্তরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা করে বিশ্বশান্তি, মানুষের কল্যাণ, সমাজে সম্প্রীতি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।