চৌধুরীহাটে হিন্দুস নিউজের সংবাদ সংগ্রহে বাধা, রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০
ছবি:লাল বৃত্ত দেওয়া লোকটি বি এন পি নেতা,মহিলাটি ভুক্তভোগী
57 জন পড়েছেন
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা নারীর চিকিৎসাকে কেন্দ্র করে ওঠা অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হিন্দুস নিউজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, পম্পি দাশ পেটে ব্যথা অনুভব করলে তাকে চৌধুরীহাটের ওই নার্সিংহোমে নেওয়া হয়। সেখানে তাকে একাধিক ইনজেকশন দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে তিনি মৃত সন্তান প্রসব করেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্বজনেরা ঘটনাটিকে ভুল চিকিৎসার অভিযোগ হিসেবে তুলে ধরে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন।
ঘটনার তথ্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য সংগ্রহ করতে হিন্দুস নিউজের প্রতিনিধিসহ কয়েকজন সাংবাদিক নার্সিংহোমে যান। অভিযোগ রয়েছে, এ সময় এক ব্যক্তি নিজেকে হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে পরিচয় দিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেন। সংবাদ প্রকাশ করা নিয়েও তিনি আপত্তিকর মন্তব্য করেন বলে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকেরা জানিয়েছেন।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী জানান, অভিযুক্ত ব্যক্তি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নন। তিনি ঘটনার বিষয়ে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
একটি স্পর্শকাতর অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বাধার মুখে পড়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের দাবি, সাংবাদিকেরা যেন নিরাপদ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।
ভুক্তভোগী পরিবার চিকিৎসার পুরো প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া এবং রাজনৈতিক পরিচয় ব্যবহারের অভিযোগটিও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
তবে ভুল চিকিৎসার অভিযোগের বিষয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।