অর্থের অভাবে থমকে গেছে শ্রাবণীর ক্যান্সারের চিকিৎসা, বাঁচতে চান মিরসরাইয়ের এই তরুণী
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭
8 জন পড়েছেন
দেড় বছর ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন চট্টগ্রামের মিরসরাই উপজেলার শ্রাবণী ভৌমিক। অসহনীয় শারীরিক যন্ত্রণা, একের পর এক কেমোথেরাপি এবং দীর্ঘ চিকিৎসা প্রক্রিয়ার মধ্যেও স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন তিনি। তবে দীর্ঘদিনের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে পরিবারটির সঞ্চয় ও সামর্থ্য প্রায় শেষ হয়ে গেছে। বর্তমানে অর্থের অভাবে শ্রাবণীর চিকিৎসা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
শ্রাবণীর বাড়ি মিরসরাই উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গ্রামের দত্ত বাড়িতে। স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দেড় বছর ধরে তিনি ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন। এ সময় পরিবারের সদস্য ও স্বজনদের সহযোগিতায় তাঁকে প্রায় ১৪টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। চিকিৎসার পাশাপাশি নিয়মিত ওষুধ, পরীক্ষা-নিরীক্ষাসহ বিভিন্ন খরচ মেটাতে গিয়ে পরিবারটির আর্থিক অবস্থা এখন অত্যন্ত সংকটাপন্ন।
শ্রাবণীর স্বজনরা জানান, তাঁর বাবা মারা গেছেন প্রায় ১১ বছর আগে। তিন বোনের পরিবারে কোনো ভাই নেই। পরিবারের উপার্জনক্ষম সদস্যও তেমন নেই। ফলে দীর্ঘদিন ধরে নিজেদের সামর্থ্য অনুযায়ী শ্রাবণীর চিকিৎসা চালিয়ে এলেও এখন চিকিৎসার বিপুল ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
তবে শারীরিক কষ্ট ও আর্থিক সংকটের মধ্যেও বেঁচে থাকার প্রবল ইচ্ছা রয়েছে শ্রাবণীর। তিনি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান। পরিবারের সদস্যদের সঙ্গে আরও অনেকটা পথ পাড়ি দেওয়ার স্বপ্ন দেখছেন। কিন্তু প্রয়োজনীয় অর্থের অভাবে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
স্বজনদের ভাষ্য, শ্রাবণীর চিকিৎসা অব্যাহত রাখতে আরও অর্থের প্রয়োজন। এ অবস্থায় সমাজের হৃদয়বান ও সামর্থ্যবান মানুষের কাছে তাঁর চিকিৎসায় সহযোগিতার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের আশা, সামর্থ্য অনুযায়ী মানুষের ছোট ছোট সহযোগিতাও শ্রাবণীর চিকিৎসা চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শ্রাবণীর স্বজনরা জানান, তাঁকে সহযোগিতা করতে ইচ্ছুক ব্যক্তিরা সরাসরি নিচের নম্বরগুলোতে আর্থিক সহায়তা পাঠাতে পারবেন।
সহযোগিতার জন্য:
নাম: শ্রাবণী ভৌমিক
বিকাশ: ০১৮৫৩-৯৩৬৩২৪
নগদ: ০১৮৮০৩৯১৪০০