চট্টগ্রামের রথযাত্রায় ইসকনের সঙ্গে থাকছে না ৬ সনাতনী সংগঠন, নতুন জোটের ব্যানারে অংশগ্রহণের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৫ জুলাই ২০২৬, ১২:১২
9 জন পড়েছেন
চট্টগ্রামের ঐতিহ্যবাহী রথযাত্রাকে কেন্দ্র করে নতুন সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে সনাতনীদের ছয়টি সংগঠন। তারা জানিয়েছে, এবার ইসকনের আয়োজিত রথযাত্রায় অংশ নেবে না। এর পরিবর্তে নবগঠিত 'বৃহত্তর সনাতনী ঐক্য চট্টগ্রাম' জোটের ব্যানারে গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় অংশগ্রহণ করবে।
মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ বাগিশিক মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, চট্টগ্রামের রথযাত্রার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে তুলসীধাম এবং গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তবে ২০২৪ সালের পর ইসকনের পরিচয়ে মিথ্যা মামলার শিকার হওয়া শত শত সনাতনীর পাশে সংগঠনটি কার্যকরভাবে দাঁড়ায়নি বলে তারা অভিযোগ করেন। তাদের দাবি, ক্ষতিগ্রস্ত অনেক পরিবার চরম কষ্টে দিন কাটালেও ইসকনের পক্ষ থেকে উল্লেখযোগ্য সহমর্মিতা বা সহযোগিতা পাওয়া যায়নি।
এছাড়া চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর গ্রেপ্তারের পর তার মুক্তির দাবিতে ইসকনের পক্ষ থেকে সুস্পষ্ট অবস্থান বা বিবৃতি না আসায় তারা হতাশ ও সংক্ষুব্ধ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। এসব কারণেই ইসকনের আয়োজিত রথযাত্রা থেকে সরে এসে পৃথকভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এবার ইসকনের রথযাত্রায় অংশ নেবে না সনাতন বিদ্যার্থী সংসদ (এসবিএস), জাগো হিন্দু পরিষদ (জেএসপি), বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট, বাংলাদেশ সনাতন পার্টি (বিএসপি), বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ (কেন্দ্রীয় কমিটি) এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। সংগঠনগুলো জানায়, তারা সবাই গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত রথযাত্রায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ করবে।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বৃহত্তর সনাতনী ঐক্য চট্টগ্রামের প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তী। এসময় উপস্থিত ছিলেন সুব্রত দাশ আকাশ, অভিষেক ব্যানার্জি, ধ্রুব দে, সীমান্ত দত্ত ঋজু, আবীর দত্ত, রিমন দেবনাথ, রকি ধরসহ ছয় সংগঠনের নেতাকর্মীরা।