জমিজমা বিরোধকে কেন্দ্র করে মোংলায় হিন্দু পরিবারের উপর হামলা , ৭ জন আহত
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৪ জুন ২০২৬, ০৭:১৮
50 জন পড়েছেন
বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একটি হিন্দু পরিবারের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দত্তেরমেঠ এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডল (৬৫) ও তার প্রতিবেশী লুৎফর ফকিরের (৫৫) মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) সকালে উভয় পক্ষের জমি মাপজোখের কাজ শুরু হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, জমি মাপজোখ চলাকালে লুৎফর ফকির তার সহযোগীদের নিয়ে ঘটনাস্থলে এসে লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে সন্দীপ মন্ডলের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ্র (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫) আহত হন।
হামলার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় মঙ্গলবার বিকেলে লুৎফর ফকির, রজব আলী (৭০) ও ফাহাদ (২৮)-এর বিরুদ্ধে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
এ বিষয়ে মোংলা থানার পক্ষ থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।