জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা সংরক্ষিত বনের হায়াছড়া এলাকা থেকে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতের দিকে মংলা মুন্ডা (২৩) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মংলা মুন্ডা গোয়ালবাড়ী ইউনিয়নের শিলুয়া চা বাগানের কুচাই জালাই এলাকার বাসিন্দা এবং বুদ্রা মুন্ডার ছেলে।
তিনি শিলুয়া চা বাগানের নিয়মিত শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে তিনি ওই বাগানেই কাজ করতেন এবং সাধারণ জীবনযাপন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায় , বৃহস্পতিবার রাতে লাঠিটিলা সংরক্ষিত বনের ভেতরে হায়াছড়া এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
পরে পরিচয় শনাক্ত হলে জানা যায়, সেটি মংলা মুন্ডার লাশ।
নিহতের প্রেমিকার দাবি, মংলা মুন্ডা বিষপান করে আত্মহত্যা করেছেন। প্রাথমিকভাবে পুলিশের কাছেও বিষপানে মৃত্যুর একটি তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।
তবে নিহতের পরিবারের সদস্যরা এ দাবি মানতে নারাজ। তাদের অভিযোগ, মংলাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং ঘটনার প্রকৃত রহস্য আড়াল করার চেষ্টা চলছে।
ঘটনাটি নিয়ে শিলুয়া চা বাগানসহ আশপাশের এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।