নাজিরপুরে অনিল বড়ালের পরিবারের ওপর হামলা-হুমকি, নিরাপত্তাহীনতায় পরিবার
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১৭
45 জন পড়েছেন
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় শ্রীরামকাঠি ইউনিয়নের অনিল বড়ালের পরিবারের ওপর জোর-জুলুম, গাছপালা কেটে নিয়ে যাওয়া, হামলা ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, ক্ষমতার প্রভাব দেখিয়ে অনিল বড়ালের বাড়ির গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা সেখান থেকে সরে যায়। তবে পুলিশ চলে যাওয়ার পর তারা আবারও এলাকায় ফিরে এসে হুমকি-ধামকি দিতে থাকে বলে অভিযোগ পরিবারের।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েক দিন ধরে অনিল বড়াল নিজের জীবন নিয়ে শঙ্কায় পালিয়ে বেড়াচ্ছেন। এর মধ্যেই আগামীকাল তাঁর ছেলের পরীক্ষা থাকায় সে বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তাকেও মারধরের উদ্দেশ্যে ধাওয়া দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে জীবন বাঁচাতে ওই ছেলেকেও সেখান থেকে পালিয়ে যেতে হয়।
এ ঘটনায় অনিল বড়ালের পরিবার বর্তমানে ছিন্নভিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। বাড়িতে থেকেও নিরাপদ বোধ করছেন না তারা। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, অভিযুক্তরা কখনো জামাতের ভয় দেখাচ্ছে, আবার কখনো বিএনপির ভয় দেখিয়ে হুমকি দিচ্ছে। মোবাইল ফোনে যোগাযোগ করে এসব অভিযোগের কথা জানিয়েছেন ভুক্তভোগী অনিল বড়াল পরিবারের সদস্যরা।
ঘটনার পর গৃহিণী তুলিকা রাণী বড়ালকে অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি দ্রুত হস্তক্ষেপ করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযোগের পর পুলিশ ঘটনাস্থলে গেলেও পুলিশ চলে যাওয়ার পর আবারও হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটছে। ফলে শুধু অভিযোগ গ্রহণ নয়, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ভুক্তভোগী পরিবার। পাশাপাশি অনিল বড়াল ও তাঁর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মানবিক সমাজের প্রতি অনুরোধ জানানো হয়েছে।