বানারীপাড়ায় জোরপূর্বক হিন্দু মালিকানাধীন জমি দখলচেষ্টা, প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি!
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৯ জানুয়ারি ২০২৬, ১১:০১
186 জন পড়েছেন
বরিশালের বানারীপাড়ায় এক হিন্দু পরিবারের মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে ঘরবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বানারীপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
ভুক্তভোগীর নাম সুহাস চন্দ্র শীল (৬৫)। তিনি ধীরেন্দ্র নাথ শীল ও শান্তি লতার সন্তান। তাঁর স্থায়ী ঠিকানা বানারীপাড়া উপজেলার বড়চাউলাকাটি গ্রাম, ৪ নম্বর চাখার ইউনিয়ন।
বর্তমানে তিনি ঢাকার মতিঝিল থানার দক্ষিণ কমলাপুর এলাকায় বসবাস করছেন।
থানায় দায়ের করা জিডি অনুযায়ী, গত ১২ জানুয়ারি ২০২৬ দুপুর আনুমানিক ২টার দিকে স্থানীয় মৃত ইউনুস ফকিরের ছেলে সোহাগ ফকির ও তাঁর মা স্থানীয় কয়েকজন সন্ত্রাসী প্রকৃতির লোকজনকে সঙ্গে নিয়ে সুহাস চন্দ্র শীলের মালিকানাধীন বিভিন্ন শ্রেণির জমিতে জোরপূর্বক প্রবেশ করেন।
অভিযোগে বলা হয়, ‘জুগির জমি’, ‘বড়ভিটা’, ‘বউরালি ভিটা’ ও ‘বাঁশতলা’ নামে পরিচিত জমিগুলোতে মাটি ফেলে ও কুপিয়ে ব্যাপক ক্ষতিসাধন করা হয়।
সুহাস চন্দ্র শীল দাবি করেন, তিনি জন্মসূত্রে এসব জমির বৈধ মালিক এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলেন। ঘটনার সময় তিনি অভিযুক্তদের বৈধ কাগজপত্র নিয়ে আলোচনায় বসার আহ্বান জানালে তাঁকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়।
পাশাপাশি প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জিডিতে আরও বলা হয়, অভিযুক্তরা ভবিষ্যতে আরও ক্ষতিসাধন করবে বলে হুমকি দিয়েছে। এ কারণে ভুক্তভোগী ও তাঁর পরিবারের সদস্যরা চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুযোগ রাখতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার জন্য বানারীপাড়া থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন করেন সুহাস চন্দ্র শীল।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার, যাতে জমি দখল, হুমকি ও সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্ভূত পরিস্থিতির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।