মধুপুরে গাছের ডালে ঝুলন্ত রতন সিংহের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩০
68 জন পড়েছেন
টাঙ্গাইলের মধুপুরে সড়কের পাশে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রতন সিংহ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের জলছত্র বাজার এলাকায় সড়কের পূর্ব পাশে একটি সজনে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় রতন সিংহকে দেখতে পান স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রতন সিংহ মধুপুর পৌর শহরের আঙ্গিনাপাড়া এলাকার মৃত জগদীশ চন্দ্র সিংহের ছেলে। তিনি পৌর শহরের দৈনিক বাজারে একটি বরফকল পরিচালনার পাশাপাশি পাথর সরবরাহের ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার রাত সোয়া ১০টার দিকে রতন সিংহ তার বরফকল থেকে বের হন। এ সময় তার ছেলে উৎস সিংহ তাকে কারখানা থেকে বাসায় ফিরে যেতে বলেন। তবে বাসার উদ্দেশে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেননি।
রতন সিংহ বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তার মোবাইল ফোনেও একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে রাত ১২টার দিকে তার মোবাইল ফোন থেকে পরিবারের কাছে কল করে মৃত্যুর খবর জানানো হয় বলে জানিয়েছেন নিহতের মেয়ে উপমা সিংহ।
বাড়ি থেকে প্রায় সাত কিলোমিটার দূরে রাতের বেলায় তার মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। মৃত্যুর ঘটনাটি আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—তা নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অরণখোলা পুলিশ ফাঁড়ির এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) বেলাল সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনসহ তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।