রামগড়ে বাজারে যাওয়ার পথে চাকমাদের ওপর হামলায় আহত ৬, মালামাল ও টাকা লুট
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৩ জুলাই ২০২৬, ১৪:১৯
22 জন পড়েছেন
খাগড়াছড়ির রামগড় উপজেলায় বাজারে যাওয়ার পথে স্থানীয় পাহাড়ি বাসিন্দাদের ওপর হামলা, মারধর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হয়েছেন।
আজ বুধবার (২২ জুলাই ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে রামগড় উপজেলার সোনাই আগা নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন— স্নেহকুমার চাকমা (৪০), রবি শান্তি চাকমা (৩৮), লক্ষীকুমার চাকমা (৪৫), বিন্দু চাকমা (৪১), সোনাদেবী চাকমা (৩৭) ও গুরিমিলা চাকমা (৩৯)।
ভুক্তভোগীদের অভিযোগ, সকালে নাঙ্গেল পাড়া থেকে উৎপাদিত কৃষিপণ্য বিক্রি করতে মো. দিদার নামের এক চালকের টমটম গাড়িতে করে রামগড় বাজারে যাচ্ছিলেন তারা। পথিমধ্যে সোনাই আগা এলাকায় পৌঁছালে স্থানীয় মো. ইউনুস (আবুল কালাম) ও অবৈধ চাঁদা তোলার অভিযোগ থাকা সেটেলার বাঙালি মো. ইউসুবের নেতৃত্বে ৭ জনের একটি দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা স্নেহকুমার চাকমার কাছ থেকে একটি সিম্ফনি (Symphony) বাটন মোবাইল ফোন, দুটি রবি সিম ও একটি গ্রামীণফোন সিম এবং অন্য একজনের কাছ থেকে ঋণ নেওয়া নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া বাজারে বিক্রির জন্য নেওয়া ৩২টি কলা ও প্রায় ২ মণ কাঁচা সবজিও লুট করে নিয়ে যায় তারা।
হামলায় গুরুতর আহত স্নেহকুমার চাকমা অর্থাভাবের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।