শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শ্যামল মজুমদারকে হয়রানি
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৩ জুন ২০২৬, ০৭:১৫
133 জন পড়েছেন
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক শ্যামল মজুমদারকে হয়রানির অভিযোগ উঠেছে। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার সন্তান শ্যামল মজুমদারের অভিযোগ, বিমানবন্দরের কাস্টমস কর্মকর্তারা তার বিদেশ থেকে আনা ব্যক্তিগত ব্যবহারের কিছু মালামাল তছরুপ করেছেন এবং দীর্ঘ সময় ধরে তার পাসপোর্ট আটকে রাখেন।
শ্যামল মজুমদার জানান, গতকাল বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে প্রায় ছয় ঘণ্টা বিভিন্নভাবে হয়রানির মুখোমুখি হতে হয়। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তার আমেরিকান পাসপোর্ট আটকে রাখা হয় বলেও তিনি অভিযোগ করেন। এ ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ তার কাছে সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
জানা গেছে, শ্যামল মজুমদার গত ১৭ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি স্ত্রীসহ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় থাকেন এবং আমেরিকান পুলিশের একজন সদস্য হিসেবে কর্মরত।
বিমানবন্দরের ঘটনার পর বিষয়টি তিনি বাংলাদেশে অবস্থিত আমেরিকান দূতাবাসকে অবহিত করেছেন বলে জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশ সরকারের কাছেও ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
নিজের ফেসবুক পোস্টে শ্যামল মজুমদার লিখেছেন, দীর্ঘদিন ধরে সব ধরনের আইন ও নিয়ম মেনে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন তিনি। কিন্তু বাংলাদেশে এসে বিমানবন্দরে এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে, যা তাকে হতাশ করেছে। তিনি জানান, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত প্রকাশ না করে আইনগতভাবে মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং কাস্টমস কার্যক্রমে অনিয়মের অভিযোগ তুলে এর তদন্ত দাবি করেন।
প্রবাসীদের সঙ্গে এমন আচরণের অভিযোগে বিভিন্ন মহলে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধ এবং সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা।