সেনবাগে রহস্যহনক অগ্নিকাণ্ডে হিন্দু পরিবারের বসতঘর পুড়ে ছাই, তদন্তের দাবি
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
২৮ জানুয়ারি ২০২৬, ১১:০৯
183 জন পড়েছেন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় গভীর রাতে সংঘটিত এক রহস্যজনক অগ্নিকাণ্ডে একটি হিন্দু পরিবারের দুটি বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দিবাগত বুধবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে।
উপজেলার ৭ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থিত সাহা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরগুলো টিটু সাহা ও তারেক সাহার। এ সময় ঘরগুলোতে কেউ অবস্থান করছিল না।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে টিটু ও তারেক সাহার বসতঘরে আগুন জ্বলতে দেখে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন।
আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে একটি বসতঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সেনবাগ উপজেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা জানান, যে ঘরে আগুন লেগেছে সেখানে দীর্ঘদিন ধরে কেউ বসবাস করছিল না। তিনি আরও বলেন, বিদ্যুৎ লাইন থাকলেও সেটি সংযুক্ত ছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
অগ্নিকাণ্ডের ধরন ও সময় নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই ঘটনাটিকে রহস্যজনক বলে দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের আহ্বান জানিয়েছেন।
খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।