সেবার আলো ছড়িয়ে বিদায় নিলেন ডা. সুহাস রঞ্জন হালদার
হৃদয় চন্দ্র শীল
সুবর্ণচর প্রতিনিধি
প্রকাশিত:
১৪ জুন ২০২৬, ১৪:২০
196 জন পড়েছেন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখার আজীবন সদস্য ডা. সুহাস রঞ্জন হালদার (৪৬) আর নেই।
শুক্রবার (১৩ জুন) রাজধানীর ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহকর্মী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগজনিত জটিলতার কারণে সম্প্রতি তাঁর হার্টের বাইপাস সার্জারি করা হয়। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তিনি মৃত্যুবরণ করেন।
দীর্ঘ কর্মজীবনে ডা. সুহাস রঞ্জন হালদার চিকিৎসাসেবায় নিষ্ঠা, মানবিকতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি রোগীদের সেবার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সহকর্মীদের কাছে তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক, সৎ ও মানবিক চিকিৎসক।
বিশেষ করে করোনা মহামারির কঠিন সময়ে সম্মুখসারির যোদ্ধা হিসেবে দায়িত্ব পালন করে তিনি মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছিলেন। জীবনের ঝুঁকি নিয়েও তিনি রোগীদের চিকিৎসা ও সেবায় নিরলসভাবে কাজ করে গেছেন। তাঁর এই অবদান চিকিৎসক সমাজে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন সহকর্মীরা।
ডা. সুহাস রঞ্জন হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা। এক শোকবার্তায় সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা শাখার সভাপতি ডা. শেখ বাহারুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. মেহেদী নেওয়াজ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন চিকিৎসক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ। অনেকেই তাঁর কর্মনিষ্ঠা, সদাচরণ ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করে শ্রদ্ধা জানিয়েছেন। সহকর্মীদের মতে, ডা. সুহাস রঞ্জন হালদারের অকাল প্রয়াণ দেশের চিকিৎসা অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।