বরিশালের আগৈলঝাড়ায় মাটির নিচে মিলল কষ্টিপাথরের প্রাচীন শিবলিঙ্গ
নিজস্ব প্রতিবেদক
হিন্দুস নিউজ
প্রকাশিত:
১৮ মে ২০২৬, ২৩:২৯
98 জন পড়েছেন
বরিশালের আগৈলঝাড়া উপজেলা-র রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁখ গ্রামে মাটির নিচ থেকে উদ্ধার হওয়া কষ্টিপাথরের একটি প্রাচীন মূর্তি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত বৃহস্পতিবার মূর্তিটি উদ্ধারের পর কয়েকদিন ধরে নানা নাটকীয়তা, আলোচনা ও স্থানীয়দের মধ্যে মতবিরোধের পর অবশেষে সোমবার সেটি গ্রামের মন্দিরে স্থাপন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে গ্রামের কয়েকজন ব্যক্তি একটি স্থানে মাটি কাটার সময় হঠাৎ শক্ত কোনো বস্তুর সন্ধান পান। পরে মাটি সরিয়ে দেখা যায়, সেটি একটি কষ্টিপাথরের তৈরি প্রাচীন মূর্তি। খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকে মূর্তিটিকে বহু পুরনো ও ঐতিহাসিক নিদর্শন বলে দাবি করেন।
মূর্তি উদ্ধারের পর সেটি কোথায় রাখা হবে, তা নিয়ে কয়েকদিন ধরে এলাকায় নানা আলোচনা চলে। একপক্ষ মূর্তিটি প্রশাসনের কাছে হস্তান্তরের পক্ষে মত দিলেও অন্যপক্ষ স্থানীয় মন্দিরে সংরক্ষণের দাবি জানায়। এ নিয়ে গ্রামজুড়ে ব্যাপক উত্তেজনা ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়।
পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও গ্রামবাসীর সিদ্ধান্তে সোমবার সকালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মূর্তিটি গ্রামের মন্দিরে স্থাপন করা হয়। এ সময় ভক্তদের উপস্থিতিতে পূজা, প্রার্থনা ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্থানীয়দের ধারণা, বহু বছর আগে কোনো প্রাচীন মন্দির বা ধর্মীয় স্থাপনার অংশ হিসেবে মূর্তিটি সেখানে মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো প্রত্নতত্ত্ব বিভাগ বা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মূর্তিটি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ ভিড় করছেন। এলাকাবাসীর দাবি, বিষয়টি নিয়ে যথাযথ তদন্ত হলে এ অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।