পীরগঞ্জে ১৫০ শিক্ষার্থীর মাঝে গীতা ও শিক্ষা উপকরণ বিতরণ, মানবিক সমাজ গঠনের প্রত্যয়
জয় দাশ
রাউজান প্রতিনিধি
প্রকাশিত:
১৫ জুলাই ২০২৬, ০০:৫২
15 জন পড়েছেন
সনাতন ধর্মের শাশ্বত বাণী মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে নৈতিক, মানবিক ও ধর্মীয় শিক্ষায় আলোকিত করার লক্ষ্য নিয়ে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামে অনুষ্ঠিত হয়েছে এক মহতী শ্রীগীতা দান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান।
গত ১০ জুলাই ২০২৬ (শুক্রবার) ‘জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ নামের ফেসবুকভিত্তিক সেবামূলক সংগঠনের উদ্যোগে স্থানীয় শ্রী বলরাম জিও বিগ্রহ মন্দির গীতা স্কুলের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা, খাতা, কলম, রেজিস্টার, হোয়াইট বোর্ড, মার্কার, ডাস্টারসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
গ্রামীণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি ভক্তি, আনন্দ ও উৎসবমুখর আবহে সম্পন্ন হয়। পবিত্র শ্রীমদ্ভগবদ্গীতার শ্লোক পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে মোট ১৫০টি শ্রীমদ্ভগবদ্গীতা, খাতা, কলম ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। প্রতিটি গীতার সঙ্গে শালু কাপড় ও প্রতীকী দক্ষিণা প্রদান করা হয়। পাশাপাশি গীতা শিক্ষার পাঠদান কার্যক্রমকে আরও কার্যকর করতে শিক্ষাগুরুর জন্য একটি বড় গীতা, একটি হোয়াইট বোর্ড, একটি মার্কার, একটি ডাস্টার এবং শিক্ষার্থীদের উপস্থিতি সংরক্ষণের জন্য একটি উপস্থিতি রেজিস্টার প্রদান করা হয়।
এছাড়া প্রতিষ্ঠানের সম্মানার্থে গীতা স্কুলের সভাপতিকে উত্তরীয় এবং শিক্ষাগুরুকে নামাবলী পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সভাপতি ও শিক্ষাগুরুর হাতে পৃথকভাবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রতিষ্ঠান ও গ্রামবাসীর উদ্দেশ্যে একটি সম্মাননা স্মারক ও শুভেচ্ছা ব্যানার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’ একটি অরাজনৈতিক, মানবিক ও আধ্যাত্মিক সেবামূলক সংগঠন। দীর্ঘদিন ধরে সংগঠনটি সনাতন ধর্মের প্রচার-প্রসার, নৈতিক শিক্ষা বিস্তার এবং গীতা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনের লক্ষ্য দেশের ৬৪ জেলার প্রতিটি গীতা স্কুলে শ্রীমদ্ভগবদ্গীতা পৌঁছে দেওয়া এবং যেখানে গীতা স্কুল নেই, সেখানে নতুন গীতা স্কুল প্রতিষ্ঠায় সহযোগিতা করা। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় একাধিক গীতা দান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছে সংগঠনটি।
গীতা স্কুলের সভাপতি বিধান চন্দ্র শীল তাঁর স্বাগত বক্তব্যে বলেন, এই উদ্যোগ কেবল একটি দান কর্মসূচি নয়; বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। তিনি আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
সংগঠনের প্রধান উপদেষ্টা বিষ্ণু সূত্রধর বলেন, সমাজে অনেকের আর্থিক সামর্থ্য থাকলেও ধর্মীয় শিক্ষার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগের অভাব রয়েছে। সীমিত সামর্থ্য নিয়েও সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে গীতা দান কার্যক্রম পরিচালনা করছে, যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি অভিভাবকদের সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
সনাতনী লক্ষ্মী ভান্ডার-এর সদস্য পার্থ রায় বলেন, এটি শুধু একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়, বরং একটি নিঃস্বার্থ সেবামূলক পরিবার। গীতার আদর্শে অনুপ্রাণিত হয়ে একটি নৈতিক ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলাই সংগঠনের মূল লক্ষ্য।
সহ-সভাপতি দ্বীপক কুমার দাস বলেন, মানুষ গড়ার সবচেয়ে বড় ভিত্তি হলো নৈতিক শিক্ষা। তাই সন্তানদের নিয়মিত গীতা শিক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সমাপনী বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অনুপম দে অর্জুন বলেন, “এই পৃথিবীতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই। আমরা চাই আমাদের সন্তানরা শুধু উচ্চশিক্ষিত নয়, একজন সৎ, আদর্শবান ও মানবিক মানুষ হিসেবেও গড়ে উঠুক। সেই লক্ষ্যেই আমাদের এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি অনুপম দে অর্জুনের নেতৃত্বে প্রধান উপদেষ্টা বিষ্ণু সূত্রধর, যুগ্ম উপদেষ্টা শীতল কান্তি শীল, উপদেষ্টা চন্দন রায়, সহ-সভাপতি দ্বীপক কুমার দাস, সাধারণ সম্পাদক রুপক লাল ধর, যুগ্ম সাধারণ সম্পাদক শুভ্র মালাকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া সনাতনী লক্ষ্মী ভান্ডার-এর পক্ষ থেকে উত্তম কুমার, দীপ্ত পাল, লাভলী বৈদ্য, রামকৃষ্ণ অধিকারী, পার্থ রায়, সুমন রায়সহ স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
গীতা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শ্রী বলরাম জিও বিগ্রহ মন্দির গীতা স্কুলের সভাপতি বিধান চন্দ্র শীল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সুধীর চন্দ্র রায়, পীরগঞ্জ পৌর শাখার সভাপতি সুনীল চন্দ্র পাল, গীতা সংঘ পীরগঞ্জ শাখার সভাপতি বিনয় চন্দ্র মহন্ত, সাংগঠনিক সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, অভয় চন্দ্র সরকার, শংকর চন্দ্র মহন্ত, গুরুদাস চন্দ্র সরকার, গোবিন্দ চন্দ্র সাহা, রায় মুনি মহন্তসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গ্রামবাসী।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে গীতা ও শিক্ষা উপকরণ বিতরণ এবং সকলের মধ্যে প্রসাদ বিতরণের মাধ্যমে মূল আয়োজনের সমাপ্তি ঘটে।
পরবর্তীতে পীরগঞ্জ উপজেলা শাখার প্রজাপাড়া (পালবাড়ি) সার্বজনীন দুর্গা মন্দিরের নেতৃবৃন্দের আমন্ত্রণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নীলফামারী গীতা বিদ্যানিকেতনের সভাপতির নিকট প্রতিষ্ঠানটির সুবিধাবঞ্চিত আটজন শিক্ষার্থীর জন্য এক বছরের খাতা-কলমসহ শিক্ষা উপকরণ প্রদান করেন আয়োজকরা।
অনুষ্ঠান শেষে ‘জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর সভাপতি ও সংশ্লিষ্টরা জানান, সনাতন ধর্মের মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং মানবিক সেবার আলো সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে তাদের এই সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।