অসহায় সনাতনী মায়ের জন্য নতুন ঘর নির্মাণ করল বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ
শান্ত পাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত:
২৭ জুন ২০২৬, ০৮:১০
48 জন পড়েছেন
মানবতার সেবায় আরেকটি প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করেছে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ। সংগঠনটির অর্থায়ন ও সার্বিক উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামের এক অসহায় সনাতনী মায়ের জন্য নতুন একটি বসতঘর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি ঘরটির গৃহপ্রবেশ অনুষ্ঠান সম্পন্ন হয়।
গৃহপ্রবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান পীযূষ দাস, আহ্বায়ক, বাংলাদেশ সনাতন মহাসংঘ কেন্দ্রীয় সংসদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমান সজয় বিশ্বাস, সহ-সভাপতি, বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘ কেন্দ্রীয় সংসদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমান ঋত্বিক কর্মকার (বাংলাদেশ প্রধান প্রতিনিধি), শ্রীমান রাজিব সরকার (প্রধান প্রতিনিধি, কুমিল্লা দক্ষিণ), বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের নেতৃবৃন্দসহ বাংলাদেশ সনাতন মহাসংঘের বিভিন্ন উপজেলা ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ কেন্দ্রীয় সংসদের সভাপতি শ্রীমান প্রণব ভৌমিক বলেন,
“এটি আমাদের প্রথম মানবিক উদ্যোগ নয়; অতীতেও আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করেছি। একজন অসহায় মায়ের মুখে হাসি ফোটাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার জন্য আমাদের সংগঠন সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে। সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়।”
বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সভাপতি শ্রীমান ক্লিনটন সরকার (বিপ্লব) বলেন,
“দূর প্রবাসে অবস্থান করেও আমরা দেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ‘মায়ের জন্য ঘর’ প্রকল্প আমাদের মানবিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল উদাহরণ। সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিরা এগিয়ে এলে আরও অনেক মানুষের জীবনমান উন্নত করা সম্ভব।”
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রীমতী অন্তরা দাস বলেন,
“বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ সবসময় মানবতার সেবায় নিবেদিত। আমাদের প্রতিটি কার্যক্রমের মূল লক্ষ্য হলো অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক এই উদ্যোগগুলো সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের চর্চাকে আরও শক্তিশালী করবে।”
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রীমান দীপক দত্ত বলেন,
“একটি সংগঠনের প্রকৃত শক্তি তার মানবিক কর্মকাণ্ডে। আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণে কাজ করাই সবচেয়ে বড় সেবা। ভবিষ্যতেও বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘ মানবকল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাবে।”
স্থানীয় বাসিন্দারা এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বাংলাদেশ সনাতন প্রবাসী মহাসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সংগঠনটি সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।