গীতার আলোয় আলোকিত আগামী: রাউজানে শিক্ষার্থীদের পাশে হিন্দু ছাত্র মহাজোট
জয় দাশ
রাউজান প্রতিনিধি
প্রকাশিত:
১৩ জুন ২০২৬, ০০:৪৫
14 জন পড়েছেন
চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বিনাজুরী ইউনিয়নে অবস্থিত “শ্রী শ্রী বিনাজুরী শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষা বিদ্যাপীঠ”-এ ধর্মীয়, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উক্ত আয়োজনের উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখা এবং সার্বিক সহযোগিতায় ছিল সংগঠনের রাউজান উপজেলা শাখা কমিটি।
শুক্রবার (১২ জুন ২০২৬) আয়োজিত এ মহৎ কর্মসূচিতে বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদ্গীতা, গীতা স্ট্যান্ড, হোয়াইট বোর্ড, মার্কার কলম এবং গীতার প্রশ্নোত্তর বইসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নাস্তারও ব্যবস্থা করা হয়। পুরো আয়োজনটি ধর্মীয় আবহ, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিদ্যাপীঠের বর্তমান শিক্ষা কার্যক্রম, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং সনাতন ধর্মীয় শিক্ষার গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয় রোধ ও মানবিক মূল্যবোধ গঠনে ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম। গীতা শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মিক চেতনা, শৃঙ্খলাবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশ সম্ভব।
তারা আরও বলেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, একজন শিক্ষার্থীর আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য ধর্মীয় ও নৈতিক শিক্ষার সমন্বয় অত্যন্ত জরুরি। গীতা শিক্ষার প্রসার আগামী প্রজন্মকে সুশিক্ষিত, দায়িত্বশীল ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যাপীঠের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাশে ভবিষ্যতেও বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। একইসঙ্গে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ ব্যক্তিদেরও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী জয় দেব নাথ, সিনিয়র কার্যনির্বাহী সদস্য ও রাউজান শাখার প্রধান সমন্বয়কারী শ্রী অনিক সেন, সিনিয়র কার্যনির্বাহী সদস্য শ্রী বিজয় দে, রাউজান উপজেলা শাখার যুগ্ম সম্পাদক বিপ্লব মুহুরি, যুগ্ম সদস্য সচিব শ্রী হৃদয় শীলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সমাপনী পর্বে রাউজান উপজেলা শাখা কমিটির ভবিষ্যৎ সাংগঠনিক কার্যক্রম, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজসেবামূলক উদ্যোগ আরও বেগবান করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পরিশেষে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,
“ধর্ম, মানবতা ও সমাজকল্যাণে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট সবসময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।”