মাইজদীতে বাংলাদেশ অগ্নিবীর মেঘনা শাখার উদ্যোগে বৈদিক আয়োজনে জন্মাষ্টমী উদযাপন
হৃদয় চন্দ্র শীল
সুবর্ণচর প্রতিনিধি
প্রকাশিত:
০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২
9 জন পড়েছেন
যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে নোয়াখালীর মাইজদীতে বাংলাদেশ অগ্নিবীর, মেঘনা শাখার উদ্যোগে ধর্মীয় ও সাংস্কৃতিক নানা আয়োজনের মধ্য দিয়ে জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর২০২৬) মাইজদীর দেবালয় মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বৈদিক শান্তিযজ্ঞ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক প্রবচন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও অনুসারীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে বৈদিক রীতিতে শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়। যজ্ঞে বিশ্বশান্তি, সমাজের কল্যাণ, মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারণ ও যজ্ঞের আনুষ্ঠানিকতায় পুরো অনুষ্ঠানস্থলে সৃষ্টি হয় এক পবিত্র ও আধ্যাত্মিক পরিবেশ।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ব্রহ্মসংগীত পরিবেশন করা হয়। ভক্তিমূলক সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, প্রেম, মানবতা ও ধর্মীয় মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে উপস্থিত দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
পরে অনুষ্ঠিত হয় ভগবান শ্রীকৃষ্ণের জীবন, কর্ম ও শিক্ষা নিয়ে বিশেষ বৈদিক আলোচনা। আলোচনায় শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্ম ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা এবং মানবকল্যাণে তাঁর দর্শনের গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, শ্রীকৃষ্ণের শিক্ষা শুধু ধর্মীয় অনুশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সত্য, ন্যায়, কর্তব্য, আত্মসংযম, মানবিকতা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রেও তাঁর আদর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, বর্তমান সমাজে নৈতিক অবক্ষয়, হিংসা, বিভেদ ও অসহিষ্ণুতা দূর করতে শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন। তাঁর প্রদর্শিত সত্য, ধর্ম, কর্ম ও মানবিকতার পথ অনুসরণ করলে ব্যক্তি ও সমাজজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
বাংলাদেশ অগ্নিবীরের মেঘনা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ জন্মাষ্টমী উদযাপনের মধ্য দিয়ে ধর্মীয় চেতনা জাগ্রত করা, বৈদিক সংস্কৃতি ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সমাজে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, বৈদিক প্রবচন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়।