প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬
খাগড়াছড়ি সরকারি কলেজে সরস্বতী পূজার অধিবাস: সম্প্রীতির বন্ধনে একিভূত সব ধর্মের শিক্ষার্থী
অপু চন্দ্র দে (খাগড়াছড়ি প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। কলেজের সনাতনী শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে আয়োজিত বিদ্যাদেবী সরস্বতীর আগমনী অধিবাস ও বাণী অর্চনা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ বহু বছর ধরে খাগড়াছড়ি সরকারি কলেজে ঐতিহ্যবাহী এই পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে এবারের আয়োজনের বিশেষত্ব ছিল শিক্ষার্থীদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি। আয়োজকরা জানান, কেবল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরাই নয়, কলেজের বিভিন্ন ধর্ম ও বর্ণের সাধারণ শিক্ষার্থীরাও এই পূজার আয়োজনে সার্বিক সহযোগিতা করেছেন। ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সকল শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কলেজ মাঠকে এক মিলনমেলায় পরিণত করে।
আজ সকালে ‘মায়ের আগমনী’ বা অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল থেকেই কলেজ মাঠ ছিল জমজমাট। শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীদের পদচারণায় পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ বিরাজ করে।
কলেজের সনাতনী শিক্ষার্থীরা জানান, "প্রতি বছরের ন্যায় এবারও আমরা মায়ের পূজার আয়োজন করেছি। আমাদের শিক্ষকবৃন্দ এবং কলেজের অন্যান্য ধর্মের বন্ধুরা যেভাবে আমাদের সহযোগিতা করেছে, তা সত্যিই প্রশংসনীয়। এটি প্রমাণ করে যে খাগড়াছড়ি সরকারি কলেজ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নাম।"
শিক্ষকরা জানান, শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও ধর্মীয় উৎসবে শিক্ষার্থীদের এমন ঐক্যবদ্ধ অংশগ্রহণ তাদের মানসিক বিকাশে এবং অসাম্প্রদায়িক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই আয়োজনে পূজা অর্চনার পাশাপাশি ছিল প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক নানা আয়োজন। পাহাড়ি জনপদের এই শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এমন সম্প্রীতির আয়োজন আগামীতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news