প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬
ওড়াকান্দি ঠাকুরবাড়িতে ভক্তদানের ছড়াছড়ি, নেই দৃশ্যমান উন্নয়ন—মতুয়া রাজনীতির বিভাজনে হিন্দু সমাজে উৎকণ্ঠা
||
“জয় হরিবোল” — “জয় হরি চাঁদ, জয় গুরু চাঁদ” এই ধ্বনিতেই মুখরিত থাকে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়ি—মতুয়া ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। প্রতিবছর বার্ষিক বারুণীস্নান উপলক্ষে এখানে ২০ থেকে ৩০ লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়।শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর–এর আদর্শে উদ্বুদ্ধ ভক্তরা পাপমোচন ও মোক্ষলাভের আশায় পবিত্রস্নানে অংশ নেন। এই মহাসমাবেশে বিপুল পরিমাণ চাল, ডাল, অর্থ, ডাব-নারিকেলসহ নানা উপঢৌকন জমা হয়। ভক্তমহলের মতে, হিসাব করলে টনকে টন খাদ্যসামগ্রী এবং কোটি কোটি টাকার সমপরিমাণ অনুদান সংগ্রহ হয়।তবে এত বিপুল অনুদান সত্ত্বেও ঠাকুরবাড়ির অবকাঠামোগত উন্নয়ন দৃশ্যমান নয় বলে অভিযোগ উঠেছে। যে পুকুরে লাখো ভক্ত বারুণীস্নান করেন, সেখানে এখনও পর্যাপ্ত ও নিরাপদ ঘাটের ব্যবস্থা নেই। ভক্তদের যাতায়াত, অবস্থান ও সেবার সুবিধার্থে স্থায়ী ও মজবুত ঘাট, ভক্ত নিবাস, আধুনিক স্যানিটেশন ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জলের নিশ্চয়তা, উন্নত নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং নারী, শিশু ও প্রবীণদের জন্য আলাদা সুবিধার প্রয়োজনীয়তার কথা বারবার উঠে আসছে।এদিকে মতুয়া সমাজে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী এস এম জিলানীর পক্ষে এক নির্বাচনী জনসভায় বাংলাদেশ মতুয়া মিশন–এর সভাপতি শ্রীপদ্মনাভ ঠাকুর বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, মতুয়াদের ধর্মীয় অধিকার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভক্তের মতে, এ ধরনের প্রকাশ্য রাজনৈতিক অবস্থান মতুয়া সমাজের ভেতরে বিভাজন সৃষ্টি করছে এবং সনাতন ধর্মাবলম্বীদের ঐক্য ও নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। অনেক ভক্তের অভিমত, আধ্যাত্মিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে রেখে ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালনা করা জরুরি। তাহলেই ধর্মীয় চেতনা অটুট থাকবে এবং উন্নয়ন কার্যক্রম হবে টেকসই ও ফলপ্রসূ।শুধু সাময়িক ভোগ বা খিচুড়ি গ্রহণে সীমাবদ্ধ না থেকে স্থায়ী উন্নয়নের কথা ভাবতে হবে। প্রত্যেকে যদি উপঢৌকনাদির পাশাপাশি অন্তত একটি করে ইট আশ্রম প্রাঙ্গণে নিজ হাতে প্রদান করেন, তবে ধীরে ধীরে তা শত-সহস্র ইটে এবং কোটি টাকার উন্নয়নে রূপ নেবে।সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমেই ওড়াকান্দি ঠাকুরবাড়ি হয়ে উঠতে পারে আরও উন্নত, নিরাপদ ও বিশ্বমানের তীর্থস্থান—এই প্রত্যাশাই এখন কোটি ভক্তের।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news