প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতার বিরুদ্ধে শ্মশানের দেয়াল ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ
||
কক্সবাজারের মহেশখালী পৌরসভার গোরকঘাটা দক্ষিণ রাখাইন পাড়ায় অবস্থিত প্রায় ৩৫০ বছরের পুরোনো একটি শ্মশানের নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল ভাঙচুর ও দখলচেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
শ্মশান কমিটির নেতৃবৃন্দের অভিযোগ, স্থানীয় জামায়াত নেতা ছৈয়দুর হক সিকদার দীর্ঘদিন ধরে শ্মশানের একটি অংশকে নিজের ব্যক্তিগত সম্পত্তি দাবি করে আসছেন। সম্প্রতি জেলা প্রশাসনের সহযোগিতা এবং স্থানীয় মুসলিম সম্প্রদায়ের আর্থিক অনুদানে শ্মশানের সীমানা প্রাচীর নির্মাণকাজ শুরু হলে তিনি এতে আপত্তি জানান। একপর্যায়ে তার ভাতিজা আরমান সিকদার নির্মাণ কাজে বাধা দেন বলে অভিযোগ করা হয়।স্থানীয়দের ভাষ্য, গত রাতে ৭ থেকে ৮ জন লোক নিয়ে এসে নির্মাণাধীন বাউন্ডারি দেয়ালের একটি অংশ ভেঙে ফেলা হয়। তাদের দাবি, এটি পরিকল্পিতভাবে জায়গা দখলের উদ্দেশ্যে চালানো হামলা ও ভাঙচুর। এ ঘটনায় শ্মশান কমিটির পক্ষ থেকে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।তবে অভিযুক্ত জামায়াত নেতা ছৈয়দুর হক সিকদার অভিযোগ অস্বীকার না করে দাবি করেছেন, সংশ্লিষ্ট জমিটি তার নিজস্ব সম্পত্তি এবং প্রকৃত মালিকানা নিয়েই বিরোধের সৃষ্টি হয়েছে। তিনি বিষয়টি আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তির কথা বলেন।
ঘটনার পর শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলমগীর রহমান মাহামুদুল্লাহ ফরিদ এবং মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহামুদ ডালিম। তারা উভয়েই সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।এলাকাবাসীর আশা, দ্রুত প্রশাসনিক ও আইনি উদ্যোগের মাধ্যমে বিরোধের সুষ্ঠু সমাধান হবে এবং ঐতিহ্যবাহী এই শ্মশান রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news