প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫
দিপু চন্দ্র দাস হত্যার বিচার ও সংখ্যালঘু নিরাপত্তাসহ নানা বিষয়ে সরকারের সঙ্গে মতবিনিময়
||
দিপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড, হত্যাকারীদের দ্রুত বিচার, নিহতের পরিবারের সার্বিক দায়িত্ব গ্রহণ, উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দিপু চন্দ্র দাসের পরিবারের সাক্ষাৎ, ধর্মীয় অজুহাতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চলমান হামলা, শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর নিঃশর্ত মুক্তি, গুজব ও মব ভায়োলেন্স প্রতিরোধ এবং আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সরকারের নিরাপত্তা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট।
বুধবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জোটের প্রতিনিধিরা সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সংঘটিত সহিংসতা, পরিকল্পিত গুজব এবং উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে ময়মনসিংহে দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ডকে একটি “বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত সহিংসতার ধারাবাহিক অংশ” হিসেবে উল্লেখ করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সভায় জোটের পক্ষ থেকে বলা হয়, দিপু চন্দ্র দাসের পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাই রাষ্ট্রের পক্ষ থেকে নিহতের পরিবারকে আইনি সহায়তা, আর্থিক ক্ষতিপূরণ এবং স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে মাননীয় উপদেষ্টা মহোদয়ের সঙ্গে দিপু চন্দ্র দাসের পরিবারের সরাসরি সাক্ষাতের ব্যবস্থা করার জোর দাবি জানানো হয়।
মতবিনিময়ে প্রতিনিধিরা ধর্মীয় পরিচয়কে অজুহাত হিসেবে ব্যবহার করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির ভাঙচুর, বাড়িঘরে অগ্নিসংযোগ এবং সামাজিক বয়কটের মতো ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এসব ঘটনায় প্রায়ই গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা দ্রুত নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
শ্রীমৎ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিষয়ে আলোচনা করে জোটের নেতারা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। তারা বলেন, ধর্মীয় ও সামাজিক নেতৃত্বকে দমন করার মাধ্যমে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে মতবিনিময়ে বলা হয়, নির্বাচনকালীন সময়ে সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। অতীত অভিজ্ঞতার আলোকে এবার আগাম নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সহিংসতার ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের পক্ষে উপস্থিত ছিলেন— জোটের সহ-মুখপাত্র ও সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী,অন্যতম প্রতিনিধি এডভোকেট সুমন কুমার রায়,প্রদীপ কান্তি দে,প্রসেনজিৎ কুমার হালদার,নির্মল বিশ্বাস ,পিযুষ দাস।
সরকারের নিরাপত্তা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জোটের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক ও সক্রিয় রাখার আশ্বাস দেন বলে সভা সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আশা প্রকাশ করেছে, এই মতবিনিময়ের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি ও উদ্বেগ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর প্রতিফলন ঘটাবে এবং ভবিষ্যতে সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news