প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
পূর্ব চাম্বল কর্মকার পাড়ায় সাজ সাজ রব: ৫ বৈশাখ শুরু হচ্ছে তিন দিনব্যাপী ধর্মসভা ও মহানামযজ্ঞ
||
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব চাম্বল কর্মকার পাড়া সার্বজনীন শ্রীশ্রী হরি মন্দিরে আগামী ১৯ ও ২০ এপ্রিল (৫ ও ৬ বৈশাখ, ১৪৩৩ বাংলা) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৯তম বার্ষিক মহানামযজ্ঞ, ধর্মীয় ধর্মসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঋষি জগতের পরম পুরুষ শ্রীশ্রী জগতগুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ও অচ্যুতানন্দ পুরী মহারাজের আদর্শ স্মৃতি স্মরণে আয়োজিত এই উৎসবকে কেন্দ্র করে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।উৎসবের অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৯ এপ্রিল রবিবার সকালে লোকনাথ সাধক শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারীর শ্রীমদ্ভগবদ্গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। অনুষ্ঠানের সান্ধ্যকালীন অধিবেশনে ভক্তবৃন্দের উপস্থিতিতে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করবেন শ্রীমৎ শ্রদ্ধানন্দ ব্রহ্মচারী। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে মাঙ্গলিক ঘট স্থাপন, মহানামযজ্ঞের শুভ অধিবাস এবং ধর্মীয় আলোচনা সভা। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাঁশখালী-১৬ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল ইসলাম চৌধুরী। এছাড়া দেশবরেণ্য ধর্মতত্ত্ববিদ, সামাজিক ও রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ধর্মীয় আলোচনায় অংশ নেবেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান 'শিখরঞ্জিনী', যা পরিবেশন করবে জনপ্রিয় সনাতনী ব্যান্ড 'ডমরু'।
পরদিন ২০ এপ্রিল সোমবার ব্রাহ্মমুহূর্ত থেকে শুরু হবে মহানামযজ্ঞের শুভ আরম্ভ ও অহোরাত্র সংকীর্তন। এতে ঢাকা, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও চট্টগ্রামের প্রথিতযশা কীর্তনীয়া দলগুলো নামসুধা বিতরণ করবেন। উৎসবের সমাপনী দিনে ২১ এপ্রিল মঙ্গলবার মহানামযজ্ঞের পূর্ণাহুতি ও নগর কীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠানমালায় প্রতিদিন দুপুরে ও রাতে মহাপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা রাখা হয়েছে।আয়োজক কমিটির সভাপতি শ্রী রবি কর্মকার, অর্থ সম্পাদক শ্রী চন্দন কর্মকার এবং সাধারণ সম্পাদক শ্রী রঘু কান্তি কর্মকার এক যৌথ বিবৃতিতে সকল ধর্মপ্রাণ ভক্তবৃন্দকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত থেকে পুণ্য অর্জনের জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news