প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
শাফিউর রহমান ফারাবীর মন্তব্যের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ
||
সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি, সনাতন ধর্ম অবমাননা এবং সনাতনী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ব্লগার শাফিউর রহমান ফারাবীর বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্ত চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অভিযোগ করেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ফারাবী সনাতন ধর্মের আরাধ্য দেবী শ্রীশ্রী কালী মাতাকে নিয়ে বিকৃত ও আপত্তিকর মন্তব্য করেছেন এবং সনাতনী নারীদের নিয়েও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। এসব বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে দাবি করেন তারা।প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা এ ধরনের উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ও অবমাননাকর মন্তব্য সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে।সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে কোনো ধর্ম বা সম্প্রদায়কে অবমাননা করে কেউ পার পেয়ে যেতে পারে না। আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
আরেক শিক্ষার্থী বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য দেবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শুধু ধর্মীয় অবমাননাই নয়, এটি আমাদের অস্তিত্ব ও বিশ্বাসের ওপর আঘাত। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উস্কানি দিতে না পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তারা।প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি সমাপ্ত করেন। সমাবেশটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীবৃন্দের আয়োজনে অনুষ্ঠিত হয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news