প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬
পাবনায় ভূমিগর্ভ থেকে উদ্ধার হলো শ্রীবিষ্ণুর প্রাচীন বিগ্রহ
||
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নে পুকুর সংস্কারের সময় হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য দেবতা শ্রীবিষ্ণুর একটি প্রাচীন বিগ্রহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ি গ্রামের ‘সরকারি মঠের পুকুর’ খননকালে মাটির গভীর থেকে এই অমূল্য নিদর্শনটি বেরিয়ে আসে।স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি একটি প্রকল্পের আওতায় এক্সকাভেটর দিয়ে পুকুরটি খনন করার সময় হঠাৎ পাথরের তৈরি বিগ্রহটি দেখতে পান শ্রমিকরা। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ভক্তদের মাঝে এক অন্যরকম আধ্যাত্মিক আবহ সৃষ্টি হয়। স্থানীয় বয়োজ্যেষ্ঠদের ধারণা, হান্ডিয়াল এলাকায় প্রাচীনকালে অনেক সম্ভ্রান্ত হিন্দু পরিবারের বসতি ছিল। এটি তাদেরই কোনো প্রাচীন মন্দির বা উপাসনালয়ের বিগ্রহ হতে পারে, যা কালের বিবর্তনে মাটির নিচে বিলীন হয়ে গিয়েছিল। দীর্ঘদিন পর এই পবিত্র বিগ্রহের দর্শন পেয়ে স্থানীয় ভক্তরা পরম শ্রদ্ধায় সেখানে ভিড় জমান।ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী এবং হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আতিকুর রহমান দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অত্যন্ত সতর্কতার সাথে বিগ্রহটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, উদ্ধার হওয়া বিষ্ণু বিগ্রহটির উচ্চতা প্রায় চার ফুট এবং ওজন আনুমানিক ৪০ থেকে ৫০ কেজি। বিগ্রহটি কিছুটা ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেলেও এর শৈল্পিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম। আপাতত এটি হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সংরক্ষণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া ও সরকারি নির্দেশনা অনুযায়ী, পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে, যাতে জাতীয় এই সম্পদটি সঠিকভাবে সংরক্ষিত থাকে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news