প্রিন্ট এর তারিখ : ২২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
চন্দনাইশে কেন্দ্রীয় তপোবন আশ্রমের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী মহোৎসব সম্পন্ন
সৌরভ সাহা (রাঙ্গুনিয়া প্রতিনিধি ), স্টাফ রিপোর্টার ||
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার দেবকুলস্থ কেন্দ্রীয় তপোবন আশ্রমে ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী বাৎসরিক মহোৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আধ্যাত্মিক আবহে সম্পন্ন হয়েছে। জগতের মঙ্গল কামনা এবং বিশ্বে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রত্যয়ে আয়োজিত এই মহোৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার ভক্ত-শিষ্য ও ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।ঋষি-পরম্পরায় সমৃদ্ধ এই কেন্দ্রীয় তপোবন আশ্রম প্রতিষ্ঠা করেন পরমহংস মহাযোগী স্বামী সুরেশ্বরানন্দ পুরী গুরুমহারাজ। তাঁর আধ্যাত্মিক দর্শন ও আদর্শকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচির আয়োজন করা হয়।উৎসব উদযাপন পরিষদ ১৪৩২ বঙ্গাব্দের উদ্যোগে গত ১০ই মার্চ মঙ্গলবার ব্রহ্মমুহূর্তে ধ্বজা উত্তোলন ও সমবেত উপাসনার মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন বিকেলে অনুষ্ঠিত হয় ভক্তিমূলক সংগীতানুষ্ঠান ‘তপোবন সঙ্গীত’। সন্ধ্যায় সন্ধ্যারতি ও সমবেত উপাসনার পাশাপাশি গুরুমহারাজের জীবনাদর্শ ও আধ্যাত্মিক দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতের কর্মসূচিতে ছিল শ্রীশ্রী গীতা হোমযজ্ঞের অধিবাস এবং শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তন।
মহোৎসব উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলের খ্যাতনামা কীর্তন সম্প্রদায় অংশ নেয়। এর মধ্যে চট্টগ্রামের গোপাল বাড়ি সম্প্রদায়, ভোলার বৈষ্ণব নারায়ণ দে সম্প্রদায়, পটিয়ার জিরি এলাকার জয় জগন্নাথ সম্প্রদায়, নোয়াখালীর সমাধি আশ্রম সম্প্রদায় এবং ভোলার প্রভু নিত্যানন্দ সম্প্রদায় উল্লেখযোগ্য। তাদের পরিবেশনায় আশ্রম প্রাঙ্গণ দিন-রাত হরিনাম সংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে।১১ই মার্চ বুধবার গুরুমহারাজের সমাধিস্নান ও পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে শ্রীশ্রী গীতা হোমযজ্ঞের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। একইদিন দীক্ষাদান, গুরুমহারাজের রাজভোগ নিবেদন এবং হাজার হাজার ভক্তের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়। বিকেলে গীতা হোমযজ্ঞের পূর্ণাহুতি ও সন্ধ্যারতি অনুষ্ঠিত হয়। রাতেও ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় এবং সারারাতব্যাপী হরিনাম সংকীর্তন চলতে থাকে।১২ই মার্চ বৃহস্পতিবার দীক্ষাদান, রাজভোগ নিবেদন, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যারতি ও সমবেত উপাসনাসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়। ভক্তদের উপস্থিতিতে পুরো আশ্রম প্রাঙ্গণ ভক্তিময় ও আধ্যাত্মিক পরিবেশে মুখর হয়ে ওঠে।
১৩ই মার্চ শুক্রবার উষালগ্নে সমবেত উপাসনার মাধ্যমে শ্রীশ্রী পূর্ণব্রহ্ম হরিনাম সংকীর্তনের পূর্ণাহুতি, বিশ্বমঙ্গল প্রার্থনা এবং ধ্বজা অবতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী এই মহোৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।অনুষ্ঠানে পৌরহিত্য করেন কেন্দ্রীয় তপোবন আশ্রমের আশ্রমাধ্যক্ষ যোগীশ্রেষ্ঠ স্বামী প্রাণজ্বলানন্দ পুরী মহারাজ। আয়োজকরা জানান, ভক্ত-শিষ্যদের বিপুল উপস্থিতি ও ধর্মীয় শৃঙ্খলার মধ্য দিয়ে এবারের মহোৎসব শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আধ্যাত্মিক আয়োজন সমাজে মানবিকতা, নৈতিকতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news