প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
নদী তীরের জাগ্রত তীর্থ: বরিশালের সুগন্ধা সতীপীঠ ও দেবী সুনন্দার মহিমা
||
সনাতন ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র একান্ন সতীপীঠের অন্যতম সুগন্ধা শক্তিপীঠ। বাংলাদেশের বরিশাল জেলা শহর থেকে প্রায় ১০ মাইল উত্তরে শিকারপুর গ্রামে অবস্থিত এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং ইতিহাস, পৌরাণিক কাহিনী এবং প্রত্নতাত্ত্বিক রহস্যের এক মিলনস্থল।পৌরাণিক আখ্যান অনুসারে, দক্ষ যজ্ঞে পতি অপমানের গ্লানি সইতে না পেরে দেবী সতী দেহত্যাগ করলে মহাদেব ক্রোধে উন্মত্ত হয়ে তাঁর মরদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষার্থে শ্রীবিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ ৫১টি খণ্ডে খণ্ডিত করেন। জনশ্রুতি রয়েছে, এই শিকারপুর গ্রামেই দেবীর নাসিকা বা নাক পতিত হয়েছিল। পীঠনির্ণয় ও তন্ত্রচূড়ামণি শাস্ত্র মতে এটি তৃতীয় সতীপীঠ হিসেবে স্বীকৃত, যদিও শিবচরিত গ্রন্থে একে ষষ্ঠ সতীপীঠ বলে উল্লেখ করা হয়েছে। কালের বিবর্তনে এই অঞ্চলের পাশ দিয়ে বয়ে যাওয়া সুগন্ধা নদী তার খরস্রোতা রূপ হারিয়ে আজ 'সোন্ধ' নামে ক্ষীণ ধারায় প্রবাহিত হচ্ছে।এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে এলাকায় এক অলৌকিক লোকগাথা প্রচলিত রয়েছে। জানা যায়, বহু বছর আগে শিকারপুরের জমিদার রামভদ্র রায় স্বপ্নে এক জটাবৃত যোগীপুরুষের নির্দেশ পেয়ে সামরাইলের জঙ্গল থেকে এক শিবলিঙ্গ উদ্ধার করেন। একই সময়ে পঞ্চানন চক্রবর্তী নামক এক নিষ্ঠাবান ব্রাহ্মণ স্বপ্নলব্ধ হয়ে নদী থেকে দেবীর পাষাণ মূর্তি উদ্ধার করেন। পরবর্তীকালে স্থানীয় রাজার সহায়তায় নির্মিত ইটের মন্দিরে দেবী প্রতিষ্ঠিত হন, যা বর্তমানে 'তারাবাড়ি' নামেও পরিচিত। তবে মন্দিরের ভৈরব ত্রম্বকেশ্বর বা ত্রয়ম্বকের অবস্থান ঝালকাঠি জেলার পোনাবালিয়া গ্রামে।
সুগন্ধা সতীপীঠের প্রাচীন মূর্তিটি আজ আর নেই; কালের গর্ভে তা ধ্বংস হয়ে গেছে এবং সতীর সেই প্রস্তরীভূত দেহাংশটির হদিসও মেলেনি। বর্তমানে মন্দিরে অধিষ্ঠিত উগ্রতারা মূর্তিটি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ব্যাপক কৌতূহল ও মতভেদ রয়েছে। দেবীর এই মূর্তির উপরিভাগে ব্রহ্মা, বিষ্ণু, শিব, কার্তিক ও গণেশের ক্ষুদ্রাকৃতি খোদাই করা আছে। অনেক গবেষকের মতে, এই গঠনশৈলী বৌদ্ধতন্ত্রের 'পঞ্চধ্যানী বুদ্ধ' মূর্তির সদৃশ, যা এই অঞ্চলের প্রাচীন ধর্মীয় সংস্কৃতির বিবর্তনকে নির্দেশ করে। শত বাধা আর পরিবর্তনের মাঝেও শিকারপুরের এই সুগন্ধা সতীপীঠ আজও দেশ-বিদেশের অগণিত ভক্ত ও পর্যটকদের কাছে এক জাগ্রত তীর্থস্থান হিসেবে সমাদৃত।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news