প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬
সার্থক হলো চবি সনাতনী শিক্ষার্থীদের ৮ বছরের সাধনা ও প্রতীক্ষা: সরস্বতী জ্ঞান মন্দিরের উদ্বোধন এপ্রিলেই
||
সনাতনী কৃষ্টি, সভ্যতা ও জ্ঞানচর্চার এক নতুন আলোকবর্তিকা প্রজ্বলিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। দীর্ঘ আট বছরের সাধনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ (২০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ) পুণ্যময় অক্ষয় তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চবি কেন্দ্রীয় ‘সরস্বতী জ্ঞান মন্দির’-এর শুভ শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা ও মন্দির উৎসর্গ অনুষ্ঠান। শ্বেতশুভ্র এই মন্দিরটি কেবল একটি উপাসনালয় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার সনাতনী শিক্ষার্থীর আধ্যাত্মিক চেতনার মূর্ত প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করছে।এই মহান কর্মযজ্ঞের নেপথ্যে অন্যতম প্রাণপুরুষ হিসেবে রয়েছেন বীর চট্টলার বিশিষ্ট দানবীর শ্রী অদুল কান্তি চৌধুরী এবং শ্রীমতী অনিতা চৌধুরী। তাঁদের ঐকান্তিক ত্যাগ, নিষ্ঠা ও নিঃস্বার্থ অনুদানেই আজ পূর্ণতা পেয়েছে চবি সনাতন ধর্ম পরিষদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন। সনাতনী সমাজ বিশ্বাস করে যে, মানুষের কর্মের মাধ্যমেই তার গুণাবলী বিকশিত হয়, আর অদুল কান্তি চৌধুরীর এই অক্ষয় কীর্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে যুগ যুগ ধরে শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর এই অনন্য অবদান চবির সবুজ চত্বরে সনাতনী সংস্কৃতির শিকড়কে আরও গভীরে প্রোথিত করেছে।উৎসবের নির্ধারিত দিনে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে শুরু হবে মাঙ্গলিক অনুষ্ঠানমালা। পুণ্যলগ্নে নবনির্মিত শ্রীমন্দির উৎসর্গ ও শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার পর অনুষ্ঠিত হবে শ্রীশ্রী চণ্ডীপাঠ, শতকণ্ঠে গীতাপাঠ ও গীতযজ্ঞ। রাঙ্গামাটির বাঙ্গাল হালিয়ার শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ ও সীতাকুণ্ডের শঙ্কর মঠের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের মতো বরেণ্য সাধু-সন্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ এক পবিত্র আধ্যাত্মিক রূপ পরিগ্রহ করবে। মহাপ্রসাদ আস্বাদন, সাধুসেবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের প্রথম দিনটি উদযাপন করা হবে।
পরবর্তীতে ১১ বৈশাখ (২৪ এপ্রিল) পদাবলী কীর্তন ও দেবী পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হবে। এদিন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হবে। একই সাথে চবি সনাতন ধর্ম পরিষদের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সনাতনী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজিত হবে। বিশ্ববিদ্যালয়ের এই জ্ঞান মন্দিরকে কেন্দ্র করে ভবিষ্যতে একটি বৈদিক গ্রন্থাগার ও ধ্যানকেন্দ্র স্থাপনেরও পরিকল্পনা রয়েছে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে বিশেষ ভূমিকা রাখবে। এই মহতী আয়োজনকে সফল করতে চবি কেন্দ্রীয় মন্দির উদযাপন কমিটি সকল ভক্ত ও সুধীজনকে উপস্থিত থাকার সশ্রদ্ধ আমন্ত্রণ জানিয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news