প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
পাপমোচনের অক্ষয় তীর্থ: মহাপুরুষদের পদধূলিতে ধন্য লাঙ্গলবন্দের অষ্টমী স্নান
||
ভারতবর্ষের আধ্যাত্মিক মানচিত্রে পূর্ববঙ্গের এক উজ্জ্বল নক্ষত্র ঢাকা জেলার সোনারগাঁ সংলগ্ন লাঙ্গলবন্দ। শতাব্দীজুড়ে সনাতন ধর্মাবলম্বীদের কাছে এই স্থানটি কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, বরং বিশ্বাস ও ভক্তির এক পরম তীর্থস্থান। চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদের পবিত্র বারিধারায় স্নান করলে জীবনের সকল পাপ মোচন হয়—এই অমোঘ বিশ্বাসে প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী সমবেত হন এই নদীতীরে। বিশেষ করে অষ্টমী তিথি যখন বুধবার ও পুনর্বসু নক্ষত্রের সংযোগ ঘটে, তখন এই স্নান 'বুধাষ্টমী' নামে এক বিরল ও অতিশয় পুণ্যময় মাহাত্ম্য লাভ করে।লাঙ্গলবন্দের এই তীর্থ মাহাত্ম্য কেবল সাধারণ ভক্তের বিশ্বাসে সীমাবদ্ধ নয়, বরং এটি ধন্য হয়েছে মহাপুরুষদের পদস্পর্শে। শ্রী প্রমথনাথ বসু রচিত ‘স্বামী বিবেকানন্দের জীবন-চরিত’ গ্রন্থে বুধাষ্টমীর দিনে স্বামীজীর লাঙ্গলবন্দ আগমনের ঐতিহাসিক উল্লেখ রয়েছে। একইভাবে ‘প্রেমবিলাস’ গ্রন্থ অনুযায়ী, শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং বিক্রমপুর থেকে সুবর্ণগ্রাম হয়ে এই তীর্থে পদার্পণ করেছিলেন, যা এই স্থানের আধ্যাত্মিক গরিমাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এছাড়া ১৯১২ সালের ৪ এপ্রিল রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য স্বামী প্রেমানন্দ (বাবুরাম মহারাজ) সশিষ্য এখানে পবিত্র স্নান সমাপন করেন, যার বিবরণ পাওয়া যায় ‘প্রেমানন্দ-প্রেমকথা’ গ্রন্থে।বাঙালি হিন্দু লোকসংস্কৃতির পরতে পরতে মিশে আছে লাঙ্গলবন্দ। ১৩৩৪ বঙ্গাব্দের ‘ত্রিপুরা জেলার কথ্য ভাষা’ গ্রন্থে “হিনান যাইবা নাহি নাঙ্গলবন্দ?”—এই জিজ্ঞাসার মধ্য দিয়ে ফুটে ওঠে সাধারণ মানুষের অন্তরে এই তীর্থের গভীরতা। এমনকি ছাদ-পিটানি গানেও এর উল্লেখ পাওয়া যায়। ১৯৪০ সালে ‘বেতার জগৎ’ পত্রিকায় এই স্থানকে নিয়ে বিশেষ কথিকা প্রচার করা হয়েছিল, যা এর সাংস্কৃতিক গুরুত্বকেই প্রমাণ করে।ইতিহাসের পাতায় লাঙ্গলবন্দ কেবল ভক্তির কেন্দ্র নয়, বরং প্রতিরোধের এক নেপথ্য চারণভূমিও বটে। ১৭৬০ থেকে ১৮০০ খ্রিষ্টাব্দের মধ্যবর্তী সময়ে ফকির-সন্ন্যাসী বিদ্রোহের সময় সন্ন্যাসীরা এই অষ্টমী স্নান উপলক্ষ্যে এখানে সমবেত হতেন। বিপ্লবী প্রতুলচন্দ্র গাঙ্গুলী তাঁর আত্মজীবনীতে লিখেছেন, তীর্থযাত্রীদের রক্ষা ও সেবায় নিয়োজিত থাকতেন অনুশীলন সমিতির দুর্ধর্ষ বিপ্লবীরা। তাঁরা উত্তাল পদ্মা পাড়ি দিয়ে এখানে আসতেন সেবাব্রত ও সাংগঠনিক কাজে।
বিংশ শতাব্দীর শুরুতে ১৯০১ সালে ঢাকা গেজেটের তথ্যমতে, প্রায় তিন লক্ষ মানুষ এই স্নানে অংশ নিতেন। বিপুল এই জনসমাগম সামলাতে প্রশাসন ও স্থানীয় জমিদারদের তৎপর থাকতে হতো। জনস্বাস্থ্যের দিকে নজর রেখে ১৮৯৫ সালের দিকে যখন কলেরার প্রকোপ দেখা দেয়, তখন নওয়াব পরিবারের খাজা ইউসুফ এখানে সুপেয় পানির ব্যবস্থা করেছিলেন। সরকারি নথিপত্র (১৮৬৭-৬৮) অনুযায়ী, মেলার আয় থেকে প্রাপ্ত রাজস্বের একটি অংশ বাধ্যতামূলকভাবে স্যানিটেশন ও পরিচ্ছন্নতার কাজে ব্যয় করার নিয়ম ছিল, যা জনহিতৈষী কর্মকাণ্ডের এক অনন্য দৃষ্টান্ত।আধ্যাত্মিকতার পাশাপাশি এই স্নান উৎসবকে কেন্দ্র করে গড়ে ওঠে বিশাল মেলা। ইতিহাসবিদ যতীন্দ্রমোহন রায়ের ‘ঢাকার ইতিহাস’ ও মুনশী রহমান আলী তায়েশের ‘তাওয়ারিখে ঢাকা’ গ্রন্থে ‘অশোকাষ্টমীর মেলা’র প্রাণবন্ত বর্ণনা পাওয়া যায়। বাসন্তী গুহঠাকুরতার ‘কালের ভেলায়’ গ্রন্থে ফুটে উঠেছে শৈশবের সেই মেলার স্মৃতি—ফুলুরি, তিলরি আর খেলনার অনাবিল আনন্দ। ১৯৩৯ সালে যখন বাসন্তীপূজা, অষ্টমী স্নান ও নববর্ষ একই দিনে পড়েছিল, তখন ঢাকাবাসী ও পুণ্যার্থীদের তৃষ্ণা মেটাতে স্থানীয়রা ‘জলছত্র’ খুলে সেবার হাত বাড়িয়ে দিতেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news