প্রিন্ট এর তারিখ : ২৪ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬
সনাতনী ঐক্য ও বিশ্বশান্তির বার্তায় রাঙ্গুনিয়ার রাজানগরে ২১তম মহানামযজ্ঞ
সৌরভ সাহা (রাঙ্গুনিয়া প্রতিনিধি ), স্টাফ রিপোর্টার ||
“সেই নাম সেই কৃষ্ণ, ভিন্ন কিছু নয়”—এই চিরন্তন সনাতনী বাণীকে ধারণ করে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রাজানগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২১তম ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ। ১নং রাজানগর ও দক্ষিণ রাজানগরের ভক্তবৃন্দের উদ্যোগে সাহাপাড়া, শিয়ালবুক্কা এলাকায় আগামী ১৪, ১৫ ও ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ (২৯, ৩০ ও ৩১ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) রবি, সোম ও মঙ্গলবার তিন দিনব্যাপী এই মহতী আয়োজন অনুষ্ঠিত হবে।আয়োজক সূত্রে জানা যায়, শ্রীকৃষ্ণের ভাবাদর্শ প্রচার, মানবমনে ভক্তি-প্রেম জাগরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যকে সামনে রেখেই এ আয়োজন করা হয়েছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রচারিত মহানাম সংকীর্তনের মাধ্যমে মানুষের অন্তরে আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করাই এ অনুষ্ঠানের মূল লক্ষ্য। বসন্ত আগমনের এই সময়ে প্রকৃতির নবজাগরণের সঙ্গে মিল রেখে ভক্তিমূলক এই আয়োজন এলাকায় সৃষ্টি করবে এক অনন্য আধ্যাত্মিক আবহ। ১৪ চৈত্র (২৯ মার্চ, রবিবার) বিকাল ৩টায় গীতাপাঠ প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা হবে। বিকাল ৫টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে স্থানীয় শিল্পী ও ভক্তরা ভক্তিমূলক সংগীত, আবৃত্তি ও আলোচনা উপস্থাপন করবেন। সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। এ সময় অধিবাস কীর্তন পরিবেশন করবেন বাংলাদেশ টেলিভিশন ও চট্টগ্রাম বেতার কেন্দ্রের বিশিষ্ট কীর্তনশিল্পী শ্রী সৌরভ সাহা। রাত ১০টায় বৈষ্ণব সুজিত চৈতন্য বাবাজীর পৌরহিত্যে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হবে এবং ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে।
১৫ চৈত্র (৩০ মার্চ, সোমবার) ব্রহ্মমুহূর্তে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের শুভারম্ভ হবে। দিনব্যাপী ও রাতভর মহানাম সংকীর্তনে মুখরিত থাকবে সমগ্র অনুষ্ঠানস্থল। ভক্তদের অংশগ্রহণে ‘হরে কৃষ্ণ হরে কৃষ্ণ’ নামসংকীর্তনের ধ্বনিতে আধ্যাত্মিক পরিবেশে এক ভক্তিময় আবেশ সৃষ্টি হবে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা কীর্তন সম্প্রদায়— শ্রীশ্রী গৌরাঙ্গ সম্প্রদায়,খুলনা, শ্রীশ্রী বন্ধুবিহারী সম্প্রদায়,ঢাকা, মীরার প্রভুজী সম্প্রদায়,লক্ষীপুর এবং শ্রীশ্রী চন্দ্রাবলী সম্প্রদায়,বরিশাল মহানাম পরিবেশন করবেন। দুপুর ১টা ও রাত ১০টায় ভক্তদের জন্য মহাপ্রসাদ আস্বাদনের ব্যবস্থা রাখা হয়েছে। ১৬ চৈত্র (৩১ মার্চ, মঙ্গলবার) ঊষালগ্নে মহানামযজ্ঞের পূর্ণাহুতি প্রদান করা হবে। পরে কীর্তনসহ গ্রাম পরিক্রমা অনুষ্ঠিত হবে, যা পুরো এলাকায় ধর্মীয় উৎসবের আমেজ ছড়িয়ে দেবে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহতী ধর্মীয় আয়োজনকে সফল করতে সকল ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। তাদের বিশ্বাস, এই মহানামযজ্ঞ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও শান্তির বাণী ছড়িয়ে দেওয়ার এক অনন্য মাধ্যম হয়ে উঠবে।উল্লেখ্য, চট্টগ্রাম নগরীর মুরাদপুর কিংবা বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে রাঙ্গুনিয়া হয়ে রাণীরহাট বা ধামারইহাট নেমে অল্প দূরত্ব হেঁটে সহজেই অনুষ্ঠানস্থলে পৌঁছানো যাবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news