প্রিন্ট এর তারিখ : ২৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬
সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়াচ্ছেন জয়পুরহাটের মেয়ে কনিকা দেবনাথ
||
কন্ঠের জাদু আর সুরের লহরীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে এক পরিচিত নাম কনিকা দেবনাথ। জয়পুরহাটের এই কৃতি সন্তান কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কেবল হৃদয়ের গভীর টান আর সাধনার সংমিশ্রণে নিজেকে মেলে ধরছেন এক অনন্য উচ্চতায়। সম্প্রতি তার গাওয়া বেশ কিছু গানের ভিডিও অন্তর্জালে ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের প্রশংসায় ভাসছেন তিনি। বিশেষ করে হিন্দুত্ববাদী কৃষ্টি ও ঐতিহ্যের ধারক এই জনপদের সংগীতাঙ্গনে তার এই উত্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংস্কৃতিমনা মানুষ।কনিকা দেবনাথের কণ্ঠে প্রাণ পেয়েছে ভারতীয় সংগীতের সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর ও মেলোডি কুইন শ্রেয়া ঘোষালের জনপ্রিয় সব গান। পাশাপাশি বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন ও কনকচাঁপার গানগুলোও তিনি অত্যন্ত দক্ষতার সাথে গেয়ে চলেছেন। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যয়নরত এই তরুণী পড়াশোনার ব্যস্ততার মাঝেও সাংস্কৃতিক চর্চাকে নিজের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে নিয়েছেন। ছোটবেলা থেকেই গানের প্রতি এক সহজাত আকর্ষণ অনুভব করতেন তিনি, যা সময়ের সাথে সাথে পূর্ণতা পেয়েছে তার অদম্য ইচ্ছাশক্তির গুণে।সংগীতকে আত্মিক প্রশান্তির মাধ্যম হিসেবে দেখেন কনিকা। তার মতে, পড়াশোনার পাশাপাশি মন ও হৃদয়ের বিকাশে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কোনো বিকল্প নেই। মধ্যবিত্ত পরিবারের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ অর্জনই সময়ের আবর্তে হারিয়ে যায় কিংবা পরবর্তী প্রজন্মের কাছে পুরনো হয়ে পড়ে। কিন্তু যৌবনের গান আর কবিতার পঙক্তি সবসময় অমর ও চিরসবুজ থাকে। জীবনের শেষ বেলায় এসে যেন সোনালী দিনগুলোর স্মৃতি রোমন্থন করতে পারেন, সেই ভাবনা থেকেই এই সুরের সাধনা চালিয়ে যাচ্ছেন তিনি।কনিকা দেবনাথ স্বপ্ন দেখেন সেইসব কালজয়ী গানগুলোকে নিজের কণ্ঠে ধারণ করার, যা যুগের সীমানা পেরিয়ে আজও নতুনের মতো সতেজ। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কেবল মনের মাধুরী মিশিয়ে তার এই পথচলা অনেক তরুণীর জন্যই অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভিডিওগুলোতে নেটিজেনরা মন্তব্য করছেন যে, সঠিক পৃষ্ঠপোষকতা পেলে কনিকা দেবনাথ দেশের সংগীত জগতে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে পারেন। সুদূর জয়পুরহাট থেকে উঠে আসা এই সংগীত প্রতিভা এখন কেবল নিজের শখ পূরণেই সীমাবদ্ধ নন, বরং তার সুরের মায়ায় জয় করে নিচ্ছেন হাজারো মানুষের হৃদয়।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news