প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
ঐতিহাসিক কাকিনা জমিদার বাড়ি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে উত্তরবঙ্গের গৌরবময় ঐতিহ্য হারানোর শঙ্কা
দীপঙ্কর রায় (লালমনিরহাট প্রতিনিধি), স্টাফ রিপোর্টার ||
লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে অবস্থিত শতবর্ষী কাকিনা জমিদার বাড়ি আজ অবহেলা ও অযত্নে ধ্বংসপ্রায়। একসময় যে রাজবাড়ি ছিল উত্তরবঙ্গের ঐশ্বর্য, শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র, বর্তমানে তা পরিণত হয়েছে ভগ্নস্তূপে। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকশ বছর আগে মোগল আমলে কাকিনায় জমিদারি প্রথার সূচনা হয়। জমিদার কাশীনাথ রায়ের হাত ধরে এ অঞ্চলে প্রশাসনিক ও অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে ওঠে। পরবর্তীতে মহিমা রঞ্জন রায় ও শম্ভুচরণ রায়ের সময় জমিদারির প্রভাব বিস্তৃত হয়ে কাকিনা উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জনপদে পরিণত হয়।স্থাপত্যশৈলীর দিক থেকেও কাকিনা জমিদার বাড়ি ছিল অনন্য। ইউরোপীয় ও মোগল ধাঁচের মিশ্রণে নির্মিত এই প্রাসাদে ছিল দোতলা ভবন, রাজদরবার, অতিথিশালা, হাওয়া খানা, গোপন কক্ষসহ নানা আকর্ষণীয় অবকাঠামো। একসময় এখানে নিয়মিত যাত্রা, নাটক, গান ও বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন হতো, যা অঞ্চলটিকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত করে তোলে।তবে ১৯২৫ সালের দিকে আর্থিক সংকট ও প্রশাসনিক জটিলতায় জমিদারি নিলামে বিক্রি হয়ে যায়। জমিদারি প্রথা বিলুপ্তির পর দীর্ঘদিন সরকারি নজরদারির অভাবে রাজবাড়িটি দ্রুত জরাজীর্ণ হয়ে পড়ে। স্বাধীনতার পর দখল, অবহেলা ও প্রাকৃতিক ক্ষয়ে এর বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে।বর্তমানে ভবনের ছাদ ভেঙে পড়েছে, দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে। রাজদরবারসহ অধিকাংশ স্থাপনা ভগ্নদশায় পড়ে আছে। যেখানে একসময় প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন হতো, এখন সেখানে নীরবতা আর ধ্বংসাবশেষই চোখে পড়ে।এদিকে, জমিদার বাড়ির কেন্দ্রস্থলে গড়ে উঠেছে উত্তর বাংলা কলেজ। পাশাপাশি রয়েছে মহিমা রঞ্জন স্মৃতি উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, যা আংশিকভাবে এই ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে।স্থানীয় শিক্ষাবিদ ও সচেতন মহল দ্রুত সরকারি উদ্যোগে এই ঐতিহাসিক স্থাপনাটি সংরক্ষণের দাবি জানিয়েছেন। তাদের মতে, যথাযথ সংস্কার করা হলে এটি লালমনিরহাটে পর্যটনের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে পারে।রংপুর বিভাগের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কাকিনা জমিদার বাড়ি পরিদর্শন করে এটি সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্টদের আশা, দ্রুত উদ্যোগ গ্রহণ করা হলে উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী নিদর্শনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news