প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬
এক সিদ্ধান্তে টালিউডে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার
||
টালিউডে ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি অবশেষে প্রত্যাহার করেছেন শিল্পী ও কলাকুশলীরা। প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর সাথে কাজ না করার সিদ্ধান্তে তুলে নেয়া হয় কর্মবিরতি।মঙ্গলবার টেকনিশিয়ান স্টুডিওতে দিনভর বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকেই টলিপাড়ায় দফায় দফায় আলোচনা চলে, যেখানে একমত হন শিল্পী ও টেকনিশিয়ানরা—নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ নয়।বৈঠক শেষে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, ‘আগামীকাল থেকে আর কোনো কর্মবিরতি থাকছে না। তবে যতদিন না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর সঠিক তদন্ত হয় এবং সত্য সামনে আসে, ততদিন ওই সংস্থাকে ইন্ডাস্ট্রিতে নিষিদ্ধ রাখা হবে।’রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর খুব সম্প্রতি বন্ধ হয়ে গেছে ‘ভোলে বাবা পার কারেগা’, তবে চলছিল ‘চিরসখা’ ধারাবাহিকের শুটিং। আপাতত সেটাও বন্ধ থাকবে। ম্যাজিক মোমেন্টস একটি হিন্দি ধারাবাহিকের সঙ্গেও যুক্ত। শুধুমাত্র প্রযোজক হিসাবে নয়, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় যে সমস্ত ধারাবাহিকের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই সমস্ত ধারাবাহিকে আপাতত আর কাজ করতে চাইছেন না শিল্পী বা টেকনিশিয়ানরা।দীর্ঘ বৈঠকের পর প্রসেনজিৎ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আজকে টেলিভিশন ও বাংলা সিনেমার প্রযোজকদের সঙ্গে নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগামী ২৫ বছর মানুষ মনে রাখবে। এখানে আমাদের কারোর কোনও ক্রেডিট নেই। একজনেরই ক্রেডিট এখানে, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, সে চোখ খুলিয়ে দিয়ে গেছে। ওর জন্যই আজ এতজন কলাকুশলী, শিল্পী সবাই একসঙ্গে।’এদিন উপস্থিত ছিলেন প্রয়াত রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, দেব, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক, শ্রীলেখা মিত্র, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কৌশানী মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, রাহুল মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, সৌমিতৃষা কুণ্ডু, পিয়া সেনগুপ্তসহ আরও অনেকে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news