প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
ডুমুরিয়ায় হিন্দু প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে চুরি, তার মাকে জখম করে স্বর্ণালঙ্কার লুট
||
খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নে এক হিন্দু প্রতিবন্ধী ব্যক্তির বাড়িতে পরিবারের সদস্যদের জিম্মি করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে ইউনিয়নের গোবিন্দকাটি এলাকার বাসিন্দা গনেশ মল্লিকের বাড়িতে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে লুটপাট চালানোর পাশাপাশি এক বৃদ্ধাকে শারীরিক লাঞ্ছিত করে স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়েছে।ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ২টা থেকে ৩টার দিকে একদল সংঘবদ্ধ দুর্বৃত্ত গনেশ মল্লিকের বাড়িতে হানা দেয়। চোরচক্রটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে প্রথমে বাড়ির মালিক প্রতিবন্ধী গনেশ মল্লিককে একটি কক্ষের মধ্যে আটকে রেখে বাইরে থেকে শিকল তুলে দেয়। এরপর দুর্বৃত্তরা তার বৃদ্ধ মা গীতা রানী মল্লিকের কক্ষে প্রবেশ করে। এ সময় বৃদ্ধা চিৎকার দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার মুখ ও গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করার চেষ্টা চালায়। একপর্যায়ে তারা বৃদ্ধার কানে থাকা এক জোড়া স্বর্ণের দুল টেনে ছিঁড়ে নেয়। এতে ওই বৃদ্ধা কানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।জানা গেছে, এর কিছুদিন আগেও গভীর রাতে গনেশ মল্লিকের বাড়ি থেকে ৬টি ছাগলসহ অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছিল। একই বাড়িতে বারবার এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। অসহায় এই পরিবারটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।এই চুরির ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। এদিকে চুরি ও ছিনতাই রোধে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news