প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের গভীর শোক: ‘এক আপসহীন ইতিহাসের অবসান’
||
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট। সংগঠনটির নেতারা বলেছেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হলো, তা কোনোদিন পূরণ হবার নয়।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় ফ্রন্টের চেয়ারম্যান বাবু বিজন কাজি সরকার ও মহাসচিব এস এন তরুণ দে এই শোক জানান।
এর আগে আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী।
শোকবার্তায় নেতৃদ্বয় বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, "বাংলাদেশ তার এক অভিভাবককে হারালো। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর আদর্শ ধারণ করে দেশের সংকটময় সময়ে তিনি যে ভূমিকা রেখেছেন, তা বিশ্বে বিরল। তিনি ছিলেন ধৈর্য ও সাহসের প্রতীক। আমৃত্যু তিনি এ দেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন।"
নেতারা আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে একটি ‘আপসহীন ইতিহাসের মহাকালের অবসান’ ঘটলো। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশ ও মানুষকে বাঁচাতে তিনি ছিলেন অটল ও দেশপ্রেমের মূর্ত প্রতীক। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে তিনবার প্রধানমন্ত্রী হওয়া এই নেত্রী বহু চড়াই-উৎরাই পেরিয়ে সততা ও সাহসের সঙ্গে মানুষের পাশে ছিলেন।
বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে প্রয়াত এই মহীয়সী নারীর আত্মার শান্তি ও স্বর্গবাস কামনা করা হয় (ওঁ গঙ্গা "দিব্যানঃ লোকানঃ স গচ্ছতু")। একইসঙ্গে তাঁর শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনের নেতারা।
শোকবার্তাটি পাঠিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক (সহকারী মহাসচিব পদমর্যাদা) তপন কুমার বসু (মিন্টু)।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news