প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
নীলফামারীর বড়ভিটায় প্রকাশ্যে অন্নপূর্ণা মন্দিরের প্রাচীর ভাঙচুর
||
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দিরকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোনো ধরনের পূর্ব ঘোষণা বা আলোচনা ছাড়াই ভূমি অফিসের কিছু লোকজন এসে মন্দিরের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শত বছরের পুরোনো এই মন্দিরকে ঘিরে প্রতিবছর আয়োজন করা হয় একটি ঐতিহ্যবাহী মেলা, যা এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিত। মন্দির ও মেলার নিরাপত্তা নিশ্চিত করতে সম্প্রতি প্রাচীন স্থাপনার সংস্কার ও সীমানা প্রাচীর নির্মাণের কাজ চলছিল। এলাকাবাসীর দাবি, উদ্বোধনের পরপরই হঠাৎ করে ভূমি অফিসের কিছু ব্যক্তি সেখানে উপস্থিত হয়ে প্রাচীরের একটি অংশ ভেঙে ফেলে।ঘটনার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাদের ভাষ্য, শ্রী শ্রী অন্নপূর্ণা মন্দির শুধু একটি উপাসনালয় নয়, এটি এলাকার ইতিহাস, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। এমন ঘটনায় ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে বলেও তারা দাবি করেন।স্থানীয় কয়েকজন প্রবীণ ব্যক্তি জানান, বহু বছর ধরে এই মন্দিরকে কেন্দ্র করে এলাকার সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। হঠাৎ করে কোনো আলোচনা ছাড়াই প্রাচীর ভাঙার ঘটনায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।এ ঘটনায় দ্রুত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একই সঙ্গে ভবিষ্যতে ধর্মীয় স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন তারা।এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টিকে দুঃখজনক উল্লেখ করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news