প্রিন্ট এর তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬
কালেমা খচিত পতাকা নিয়ে অপব্যবহার ও বিভ্রান্তি কাম্য নয়: ধর্মমন্ত্রী
||
কালেমা খচিত পতাকা বা ইসলামের অন্যান্য ধর্মীয় প্রতীককে ঘিরে কোনও ধরনের বিভ্রান্তি, অবমাননা কিংবা রাজনৈতিক অপব্যবহার কাম্য নয় বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি স্পষ্ট হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে, এ ধরনের যেকোনোও অপচেষ্টা সমাজে বিভ্রান্তি সৃষ্টি করে এবং জাতীয় ঐক্য বিনষ্টের কারণ হতে পারে। ইসলামের পবিত্র নিদর্শন ও ধর্মীয় প্রতীকসমূহের মর্যাদা রক্ষা করা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব হলেও তার আড়ালে কোনো উগ্রবাদী বা রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাদা কিংবা কালো কাপড়ের জমিনে কালেমা তায়্যিবা খচিত পতাকার আকস্মিক প্রদর্শন দেখতে পাওয়া যাচ্ছে, যা সাধারণ নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রতীকী প্রদর্শনকে পুঁজি করে বাংলাদেশকে বৈশ্বিক দরবারে একটি ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত করার অপচেষ্টা চালাতে পারে কোনো স্বার্থান্বেষী মহল। আর তেমনটা ঘটলে শুধু দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলাই বিঘ্নিত হবে না, বরং প্রবাসে থাকা লাখ লাখ বাংলাদেশিও চরম বিপদে পড়তে পারেন। (News copied from- 'হিন্দুস নিউজ') আলোচনা সভায় ধর্মমন্ত্রী আরও বলেন যে, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা এবং মহান আল্লাহ তা’আলা ও তার প্রিয় রাসুল হযরত মুহাম্মদ (সা.)-এর প্রদর্শিত জীবনাদর্শের বাইরে ইসলামে নতুন কোনও মতবাদ, বিশ্বাস কিংবা উগ্র অনুশীলনের স্থান নেই। তিনি জোর দিয়ে বলেন, ধর্মীয় সব বিষয়ে পবিত্র কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং আল্লাহ ও তার রাসুলের আদর্শের বাইরে নতুন কোনো এজেন্ডা বা মতবাদ প্রতিষ্ঠার অপচেষ্টা দেশের সাধারণ মানুষ কখনো মেনে নেবে না।ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর সভাপতিত্বে আয়োজিত এ সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ কওমি মাদ্রাসা, ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের মুহতামিম, শায়খুল হাদিস, খতিব, মুফতি ও আলেম-ওলামারা অংশ নেন। সভায় উপস্থিত আলেমরাও স্বীকার করেন যে, ধর্মপ্রাণ যুবসমাজ হয়তো সরল ধর্মীয় অনুভূতি থেকে এই কালেমা খচিত পতাকা বহন করছে, কিন্তু পরবর্তীকালে একটি বিশেষ মহল এই বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করে সমাজে এক প্রকার ভীতি ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। সকল জাতি ও ধর্মের মানুষের সহাবস্থান এবং মানবাধিকার সুরক্ষায় এই ধরনের প্রতীকী রাজনীতির অপব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news