প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
কাঁঠালিয়ায় বাকি চাওয়া নিয়ে বিরোধে ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
সবুজ দত্ত,(স্টাফ রিপোর্টার), স্টাফ রিপোর্টার ||
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজারে এক হিন্দু ধর্মাবলম্বী ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ী সমীর ঠাকুরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার পর পর স্থানীয় জনতা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত হামলাকারী রাজা মিয়াকে আটক করেছে। পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে দীর্ঘ দিন ধরে চায়ের দোকান পরিচালনা করে আসছেন সমীর ঠাকুর। শুক্রবার জুম্মার নামাজের সময় একই গ্রামের মৃত ফারুক হাওলাদারের ছেলে রাজা মিয়া দোকানে এসে বাকিতে মালামাল চান। সমীর ঠাকুর বাকিতে পণ্য বিক্রি করতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তীব্র কথা-কাটাকাটির সৃষ্টি হয়। তর্কাতর্কির একপর্যায়ে রাজা মিয়া ধারালো চাকু বের করে সমীর ঠাকুরের ওপর অতর্কিত হামলা চালান এবং কুপিয়ে গুরুতর জখম করেন। বাবার ডাকচিৎকার ও বাঁচার আকুতি শুনে তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন দুই ছেলে (লিখন ঠাকুরসহ)। এ সময় হামলাকারী তাঁদের ওপরও চড়াও হয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। হামলার শিকার তিনজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা দ্রুত আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সমীর ঠাকুরের শারীরিক অবস্থার চরম অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঠালিয়া থানা পুলিশ জানায়, খবর পাওয়ার সাথে সাথেই অভিযান চালিয়ে ঘটনার মূল অভিযুক্ত রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি অব্যাহত রয়েছে।
প্রকাশক & সম্পাদক: শুভ চন্দ্র দে,🔴HINDUS NEWS মিডিয়া লিমিটেডের পক্ষে প্রকাশক কর্তৃক ঢাকা থেকে প্রকাশিত।🔴যোগাযোগ: +88 01890890920🔴 ই-মেইল: news@hindus.news 🔴 বিজ্ঞাপন: ads@hindus.news